বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নে আমতলা খালের জলকপাটের সামনে ছোট ফাঁসের অবৈধ জাল পেতে মাছ ধরা হচ্ছে। এতে পানি নিষ্কাশন না হওয়ায় এলাকার নয়টি গ্রাম দুই মাস ধরে জলাবদ্ধ হয়ে আছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, খালের তিন দরজার জলকপাটের সামনের খালের এক পাড় থেকে অন্য পাড় পর্যন্ত আটকে পর পর পাঁচটি ছোট ফাঁসের অবৈধ জাল পাতা রয়েছে। স্থানীয় ভাষায় এ জালকে ভেসন বলে। জালের ফাঁস ছোট হওয়ায় সেখানে শেওলা আটকে গিয়ে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার বলেন, খালে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরা অবৈধ। অভিযোগ পেলে জাল অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষকেরা বলেন, জাল থাকায় পানি আটকে যায়। এতে খালের দুই পাড়ের চাউলা, উত্তর সোনাখালী, দড়িকাটা, গোলবুনিয়া, গোডাঙ্গা, ধোনান্দি, মৌবাড়িয়া, আমতলা ও আঠারোগাছিয়া গ্রামে বৃষ্টি ও জোয়ারের পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকের আমনের বীজতলা পচে গেছে। কৃষিজমিতে কোমর সমান পানি জমে থাকায় নতুন করে আমনের বীজতলা তৈরি করাও সম্ভব হচ্ছে না।
সোনাখালী গ্রামের কৃষক হুমায়ুন আকন বলেন, তিনি দুই বিঘা জমিতে আমনের চারা করেছিলেন, কিন্তু জলাবদ্ধতার কারণে সব পচে গেছে।
ভুক্তভোগী কৃষকেরা বলেন, জলকপাটের মুখে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মামুন সিকদারের লোক হিসেবে পরিচিত মোস্তফা গাজী, সিদ্দিক কবিরাজ, মাহবুল মাতুব্বর, দেলোয়ার মুসুল্লি ও নিজাম মল্লিক জাল পেতে মাছ ধরছেন। জলাবদ্ধতায় কারণে ২২ জুলাই গাজীপুর পুলিশ চৌকির কর্মকর্তার কাছে শতাধিক কৃষক লিখিত অভিযোগ দেন। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মাছ শিকারি মোস্তফা গাজী বলেন, ইউপি সদস্য মামুন সিকদারের অনুমতি নিয়েই তাঁরা কয়েকজন এই খালে জাল দিয়ে মাছ ধরছেন।
মামুন সিকদার বলেন, আমতলা খালটি দীর্ঘদিন কচুরিপানায় ভরা ছিল। যাঁরা জাল পেতে মাছ শিকার করছেন, তাঁদের দিয়ে দুই মাস আগে ওই কচুরিপানা পরিষ্কার করানো হয়েছে। সে জন্য তাঁদের মাছ ধরার সুযোগ দেওয়া হয়েছে।
আঠারোগাছিয়া ইউপির চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ওই খালে অবৈধ জাল অপসারণের ব্যবস্থা করা হবে।’
গাজীপুর পুলিশ চৌকির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক ফজলে আলী খান বলেন, অভিযোগ পেয়ে তিনি জাল অপসারণের উদ্যোগ নিয়েছিলেন। তখন মামুন সিকদার চার দিন সময় নেন। ২৮ জুলাই ওই সময়সীমা পার হলেও তিনি জাল অপসারণে ব্যবস্থা নেননি। তাই এখন তাঁরা আবার অবৈধ জাল অপসারণের উদ্যোগ নেবেন।