জলকেলিতে নববর্ষ আবাহন রাখাইন তরুণ-তরুণীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছরকে বরণ করে নেওয়ার ধুম লেগেছে ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর মানুষের মাঝেও। প্রতিবারের মতো এবারও রাখাইনরা আয়োজন করেছে সাংগ্রাই উৎ​সব ও জলকেলির। এই আয়োজনে পানি ছোড়াছুড়িতে মেতে ওঠেন রাখাইন তরুণ–তরুণীরা। ছবিটি গতকাল বিকেল চারটার দিকে চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ বৌদ্ধমন্দির থেকে তোলা l প্রথম আলো
নতুন বছরকে বরণ করে নেওয়ার ধুম লেগেছে ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর মানুষের মাঝেও। প্রতিবারের মতো এবারও রাখাইনরা আয়োজন করেছে সাংগ্রাই উৎ​সব ও জলকেলির। এই আয়োজনে পানি ছোড়াছুড়িতে মেতে ওঠেন রাখাইন তরুণ–তরুণীরা। ছবিটি গতকাল বিকেল চারটার দিকে চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ বৌদ্ধমন্দির থেকে তোলা l প্রথম আলো

পুণ্যস্নানে নতুন বছরকে আবাহন করলেন চট্টগ্রামে বসবাসরত রাখাইন তরুণ-তরুণীরা। গতকাল সোমবার বিকেলে নগরের কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধবিহারে বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বুদ্ধস্নান ও জলকেলি উৎসবের আয়োজন করে।
রাখাইন নববর্ষকে (মহা সাংগ্রাই ১৩৭৮) বরণ করতে আয়োজিত এই উৎসবে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ড্রাম থেকে পানি নিয়ে তরুণ-তরুণীরা পরস্পরের দিকে ছুড়ে মারেন। পুরোনো বছরের পাপ এবং কালিমা মোচনের উদ্দেশ্যে এই জলকেলি করা হয় বলে জানান আয়োজকেরা।
জলকেলির আগে বেলা সাড়ে তিনটার দিকে নবপণ্ডিত বিহারের মহাথেরো উপানন্দ মহাথেরো প্রার্থনা পরিচালনা করেন। প্রার্থনার শেষে উৎসবের পটভূমি তুলে ধরেন বাংলাদেশ রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মং হ্লা চিং। তিনি বলেন, ‘জলকেলির মধ্য দিয়ে আমরা নববর্ষ আবাহন করি। এর মাধ্যমে সব দুঃখকষ্ট-দীনতা ভুলে যাইরা।’ নতুন একটি আগামীর প্রত্যাশা এবং বিশ্বশান্তি কামনা করা হয় জলকেলি উৎসবে।
প্রার্থনা সভা ও উৎসবের পটভূমি তুলে ধরার পর বুদ্ধস্নানের আয়োজন করা হয়। এরপর ছিল জলকেলি উৎসব। তরুণ ও তরুণীরা দুটি দলে ভাগ হয়ে নেমে এক পক্ষ অন্য পক্ষের দিকে পানি ছুড়ে মারে। এভাবে একটির পর একটি দল এই উৎসবে মেতে থাকে।
উৎসবে অংশ নেওয়া রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক উওয়ান নাইন বলেন, ‘পুরোনো বছরের জীর্ণ মুছে নতুন বছরকে বরণ করতে আমরা এই সাংগ্রাই উৎসব করি। প্রার্থনা, বুদ্ধস্নান এবং জলকেলি উৎসবের অংশ। নিজেদের পাপ ও কালিমামুক্তি ঘটে এই জলকেলির মধ্য দিয়ে।’
আয়োজকেরা জানান, রাখাইন নববর্ষের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আজ মঙ্গলবার। নগরে বসবাসরত রাখাইন শিক্ষার্থী ও বাসিন্দারা নববর্ষ উপলক্ষে নিজ নিজ বাড়ি ফিরে যায়। সে কারণে আগেভাগে চট্টগ্রামে এই আয়োজন করা হয়।