জলচর পাখিশুমারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় এশিয়া উপকূলীয় জলচর পাখিশুমারি গতকাল শুক্রবার শুরু হয়েছে। এ শুমারি চলবে আট দিন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্য প্রাণী ও মাছের খাদ্যসংকট দূর করার লক্ষ্যে প্রতিবছর বিশ্বব্যাপী এ শুমারি হয়। এ বছরের শুমারিতে বাংলাদেশ বন বিভাগ, বাংলাদেশ বার্ড ক্লাব, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম), জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) সহায়তা করছে।
শুমারি দলের নেতৃত্বে আছেন পাখি বিশেষজ্ঞ সামিউল মোহসেনিন। দলের অন্য সদস্যরা হলেন পাখি বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক মনিরুল এইচ খান, মো. জাহাঙ্গীর আলম, সানিয়ার রহমান, শিহাব খালেদিন, মো. বেলাল হোসেন, সাইফুল ইসলাম, এস আই সোহেল ও শুভ সাহা।
গতকাল সকাল সাতটায় ভোলা খেয়াঘাট নদীর লঞ্চঘাট থেকে মাছ ধরার নৌকায় পাখিশুমারি দলটি যাত্রা করে। দলটি ভোলা, হাতিয়া, সোনাদ্বীপসহ ৩০টির বেশি চর ঘুরবে।
সামিউল মোহসেনিন বলেন, তাঁরা জলচর পাখিশুমারি ছাড়াও এসব চরে বসবাস করা মানুষের মধ্যে পাখি নিধন বন্ধে সচেতনতা বাড়াতে তাঁদের সঙ্গে কথা বলবেন। হাটে-বাজারে পোস্টার বিতরণ করবেন। পরিযায়ী পাখি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার বিষয়ে স্থানীয়দের পরামর্শও নেবেন।