
আকাশে মেঘ ঘনালেই সিদ্ধেশ্বরী-মৌচাক-মালিবাগ এলাকার বাসিন্দা আর ব্যবসায়ীদের মনের শান্তি দূর হয়ে যায়। গতকাল মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে মৌচাক ও মালিবাগ মোড়, শান্তিনগর মোড়, সিদ্ধেশ্বরী রোডের শুরু থেকে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল পর্যন্ত সড়ক, আনারকলি মার্কেটের সামনে ঘোলা পানির স্রোত। ঘণ্টার পর ঘণ্টা ধরে সেই জলমগ্নতা। লোকজন চলাচলে, বিশেষ করে শিক্ষার্থীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ে। মৌচাক ও আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, গোল্ডেন প্লাজার নিচতলা জলমগ্ন হয়ে পড়ে। এই এলাকার অন্য মার্কেটগুলোতেও বেচাকেনা কমে যায়।
দীর্ঘদিন ধরেই মালিবাগ-মৌচাক এলাকা বর্ষায় শহরের একটি প্রধান জলজটের কেন্দ্র। উড়ালসড়ক নির্মাণের কারণে শান্তিনগর মোড় থেকে মালিবাগ মোড় হয়ে পশ্চিমে মগবাজার চৌরাস্তা পর্যন্ত সড়কের উভয় পাশের পানি নিষ্কাশনের নর্দমা ভরাট হয়ে গেছে। একই অবস্থা পূর্ব দিকে রাজারবাগ পুলিশ লাইনসের সামনে দিয়ে শাজাহানপুর মোড় পর্যন্ত। একে তো নর্দমা ভরাট, তার ওপর রাস্তা খানাখন্দে ভরা। গতকাল বৃষ্টির পানিতে এই এলাকার সড়কগুলো তলিয়ে যায়। রিকশা, সিএনজিচালিত অটোরিকশার মতো ছোট যানবাহনগুলো মাঝেমধ্যেই জলমগ্ন খাদে পড়ে উল্টে যায়।
দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয় মৌচাক মার্কেটের সামনে থেকে পশ্চিম দিকে সিদ্ধেশ্বরী রোড এবং আনারকলি মার্কেটের সামনে থেকে সিদ্ধেশ্বরী লেনটিতে। এ দুটি পথ দিয়ে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বালক ও বালিকা বিদ্যালয়, মগবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা যাতায়াত করেন। স্বাভাবিকভাবেই স্কুল চলার সময় সিদ্ধেশ্বরী রোডটি যানবাহনের ভিড়ে স্থবির হয়ে থাকে। গতকাল সড়কটির মৌচাক প্রান্ত হাঁটুপানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়।
এক পাশে গাড়ি রাখায় অন্য সময়েও এই সড়কে যানজট আরও তীব্র হয়ে ওঠে। আগে মৌচাক ও আনারকলি মার্কেটে যাঁরা গাড়ি নিয়ে আসতেন, তাঁদের অনেকেই গাড়ি রাখতেন সিদ্ধেশ্বরী বালক বিদ্যালয়ের উত্তর দিকের খেলা মাঠে। এই মাঠ প্রাচীর দিয়ে ঘিরে ফেলে সেখানে উড়ালসড়কের নির্মাণসামগ্রী রাখা হচ্ছে। বড় বড় ট্রাক, বুলডোজার—এসব ভারী যানবাহনও যাতায়াত করছে এই পথে। তাই মাস ছয়েক আগে ঢালাই করা সড়কটি আবার ভেঙে গেছে।
গতকাল বৃষ্টির পানি ঢুকে মৌচাক মার্কেট, গোল্ডেন প্লাজার সামনের গলি, আনারকলি মার্কেটের সমানের অংশ তলিয়ে যায়। মৌচাক মার্কেটের তৈরি পোশাকের দোকানের মালিক আলমগীর রহমান বললেন, পানি ঢুকে পড়ায় বেচাকেনা বন্ধ। বৃষ্টি হলেই এই অবস্থা হয়। পানি ভেঙে ক্রেতারা আর এই মার্কেটে আসতে চান না।
এ ছাড়া সিদ্ধেশ্বরীর খন্দকার গলি, তত্ত্বের গলিসহ আশপাশের গলিগুলোর পাশের বহুতল বাড়িগুলোর নিচে গাড়ি রাখার জায়গাগুলো পানিতে সয়লাব হয়ে যায়। খন্দকার গলির বাসিন্দা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আবদুর রাজ্জাক বললেন, তাঁর মেয়ে ভিকারুননিসা স্কুলে পড়ে। যাতায়াতের সুবিধা হবে ভেবে এখানে বাসা ভাড়া নিয়েছেন। কিন্তু বর্ষা মৌসুমে বাসায় ঢুকতে-বেরোতে গ্রামের মতো কাদাপানি পার হতে হচ্ছে। এই এলাকায় অধিকাংশ বাড়ির নিচতলায় দেখা গেল লম্বা করে ইটের সারি পাতা। পানি জমে যায় বলে এই ইটের ওপর দিয়ে হাঁটতে হয়।

এই সড়কের মনিহারি দোকানের ব্যবসায়ী মো. শামিম বলেন, এই সড়কে কয়েকবার সংস্কার হয়েছে। তাই দুই দিকের গলির চেয়ে সড়কগুলো উঁচু হয়ে পড়েছে। বৃষ্টির পানি গলি থেকে বের হতে পারে না। আবার গলির ভেতরের নর্দমা ভরাট। তাই বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান বলেন, মালিবাগ-শান্তিনগর এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য একটি দীর্ঘ মেয়াদের বড় প্রকল্পের কাজ চলছে। এর ফলে আগের চেয়ে এখন এই এলাকায় কম জলাবদ্ধতা হচ্ছে। উড়ালসড়ক নির্মাণের কারণে নিষ্কাশনের নর্দমা তৈরির কাজ কোথাও কোথাও বন্ধ আছে। ফ্লাইওভার নির্মাণ শেষ হলে নর্দমাগুলো তৈরি হবে। তখন এখানে আর জলাবদ্ধতা থাকবে না।
এই এলাকার জলাবদ্ধতার কারণ সম্পর্কে নগরবিদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নগরায়ণবিষয়ক সদস্যসচিব স্থপতি ইকবাল হাবিব বলেন, এই এলাকায় বৃষ্টির পানি আটকে থাকার প্রধান কারণ এলাকাটিকেই এর আশপাশ থেকে উঁচু করে তোলা হয়েছে। প্রচুর বহুতল ভবন, মার্কেট হয়েছে। জায়গাগুলো কংক্রিটে ঢালাই করে ফেলা হয়েছে। আর কমলাপুর, শান্তিনগর এলাকায় যে খাল ও প্রাকৃতিক জলাধারগুলো ছিল, তা-ও ভরাট করা হয়েছে। তৈরি করা হয়েছে বক্স কালভার্ট। বৃষ্টির পানির একটি বড় অংশ নদী বা খালে যায়; আরেকটি অংশ পুনর্ভরণ প্রক্রিয়ায় যায় ভূগর্ভে। এই এলাকায় দুটি প্রক্রিয়াই ব্যাহত হচ্ছে। প্রবল রাজনৈতিক সদিচ্ছা থাকলে ঢাকার জলজট নিরসন শুধু সময়ের ব্যাপার বলে এই নগর বিশেষজ্ঞ অভিমত দেন।