জলজট-যানজটে বিপন্ন ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ সেপ্টেম্বর ২০১৫, প্রথম আলোর আয়োজনে ‘জলজট–যানজটে বিপন্ন ঢাকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

নগরে জলাবদ্ধতা
নগরে জলাবদ্ধতা

নগরে জলাবদ্ধতা
বর্ষা ঋতুতে ঢাকা মহানগরের মানুষ প্রায় সব সময় জলাবদ্ধতার সমস্যায় পড়ে। মাঝেমধ্যে এ সমস্যা ব্যাপক আকার ধারণ করে। ১ সেপ্টেম্বর প্রবল বর্ষণে এই নগরের প্রায় অধিকাংশ সড়ক ডুবে যায়। জলজট-যানজটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। নগরবাসীকে দীর্ঘদিনের এ সমস্যা থেকে মুক্ত করতে হলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন
* বর্তমানে ঢাকা মহানগরের ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ঢাকা ওয়াসার স্টর্ম স্যুয়ারেজ (বড় নালা) আছে মাত্র ৩৬০ বর্গকিলোমিটার। রক্ষণাবেক্ষণের অভাবে এগুলোর কার্যকারিতা অনেক কমে গেছে
* ১৯৮৮ সালের ফ্লাড অ্যাকশন প্ল্যান ও ২০১০ সালের ড্যাপ (বিশদ পরিকল্পনা অঞ্চল) এ দুটি পরিকল্পনাতেই ৫ হাজার ৪২৩ একর জায়গা জলাধার হিসেবে রাখার কথা ছিল
* খাল–নদী রাখার কথা ২০ হাজার ৯৩ একর
* বন্যাপ্রবাহ অঞ্চল রাখার কথা ৭৪ হাজার ৫৯৮ একর। এগুলোর প্রায় সবই দখল হয়ে গেছে
সূত্র: প্রথম আলো, ৩ সেপ্টেম্বর ২০১৫

আলোচনায় সুপারিশ
* খাল উদ্ধার করতেই হবে। এর কোনো বিকল্প নেই
* সমন্বিতভাবে কাজ করলে যে অনেক সুন্দর কাজ হতে পারে, হাতিরঝিল প্রকল্প এর একটি ভালো দৃষ্টান্ত
* পয়োবর্জ্য শোধনাগারে পৌঁছানোর জন্য মহাপরিকল্পনা দরকার। পয়োবর্জ্য ও বৃষ্টির পানি কখনো একই নালার মধ্য দিয়ে যেতে পারে না
* ড্যাপ কার্যকর হলে আজ ভয়াবহ জলজেটর মধ্যে পড়তে হেতা না
* এই নগরকে বাঁচাতে হলে একটা আন্তরিক রাজনৈতিক অঙ্গীকারের খুব প্রয়োজন
* জলাশয় আইন ভঙ্গকারীদের শাস্তির আওতায় আনতে হবে
* জলাশয় ভরাটের অপতৎপরতা বন্ধ করতে হবে

আলোচনা
আব্দুল কাইয়ুম: একটু ভারী বৃষ্টি হলে ঢাকা মহানগরের প্রায় দুই কোটি মানুষ দুর্ভোগে পড়ে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার আমাদের সবার জন্য একটি আতঙ্কের দিন ছিল। সেদিন এ নগরের প্রায় অধিকাংশ সড়ক ডুবে যায়। প্রায় প্রতিদিন অধিকাংশ সড়কে যানজট লেগে থাকে। তার ওপর বৃষ্টি হলে এটি ভয়াবহ আকার ধারণ করে।
মঙ্গলবার দিনের অধিকাংশ সময় যানজট লেগে ছিল। কিন্তু আজ আমরা জলজট নিয়েই বেশি আলোচনা করব।
জলাবদ্ধতা নিরসনে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হলো, তারপরও সমস্যা তো কমছেই না, বরং বাড়ছে। সমস্যা আরও আছে। প্রায় সারা বছর রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলতে থাকে। সরকারের সংস্থাগুলোর কাজে সমন্বয়ের অভাব রয়েছে। যেকোনো উপায়ে নগরবাসী জলজট-যানজট থেকে মুক্তি চায়।
এসব বিষয় আজকের আলোচনা। এখন আনিসুল হকের কাছ থেকে শুনতে চাই।

আনিসুল হক
আনিসুল হক

আনিসুল হক: বৃষ্টির পানি কোথাও না কোথাও নেমে যাওয়ার জায়গা দরকার। জল যখন যেতে পারে না তখন জলাবদ্ধতার সৃষ্টি হয়। জল কোথায় যাবে? খালে, জলাশয়ে, নদীতে। সবশেষে জলকে নদীতেই যেতে হবে। জল নদীতে যাওয়ার প্রায় সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে একটু বৃষ্টি হলেই প্রতিনিয়ত জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জল কোথা দিয়ে নদীতে যাবে? নালা, নর্দমা, খাল ও জলাশয় দিয়েই নদীতে যাবে।
দেশে তিন প্রকার নালা আছে। একটা হলো একেবারে সড়কের সঙ্গে থাকে। এর পাশে আরেকটা বড় নালা থাকে, যেটা দিয়ে পানি নেমে যায়। ওয়াসার হিসাবমতে, দুই হাজার কিলোমিটার নালা ঢাকা মহানগরে আছে।
এই নালার পানি আরও বড় নালায় পড়ে। ওয়াসার ৬০০ কিলোমিটার বড় নালা আছে। পানির শেষ গন্তব্য নদী। পানি নদীতে নেওয়ার কাজটি মেয়রের না।
মিরপুর ১৪ নম্বর থেকে ৬০ ফুট চওড়া একটি খাল ওজিএসবি হাসপাতাল পর্যন্ত আসতে আসতে এটি হয়েছে ৩০ ফুট। বাইশটেকির কাছে হয়েছে ২০ ফুট। পলাশনগর, মেহেদীবাগ হয়ে কালশী এসে আর খাল নেই।
কে খালটি দখল করেছে। দখল হয়েছে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা। কোথাও কোথাও ভবন হয়েছে। তাহলে পানি কোথায় যাবে?
মিরপুর রূপনগর খাল দুয়ারীপাড়া হয়ে যাবে চটবাড়ি ওয়াসা পাম্প পর্যন্ত। দুয়ারীপাড়ায় এসে খাল ভরাট করে হাউজিং হয়েছে। হাউজিং কোম্পানিকে রাজউক খাল রাখতে নির্দেশ দিয়েছে। হাউজিং কোম্পানি চার ফুট ও পাঁচ ফুট মাপের দুটো পাইপ বসিয়েছে।
পানি কোথায় যাবে বলেন? কালাচাঁদপুরের পানি যে খাল দিয়ে যায়, সে খাল ভরাট হয়েছে। মূল সমস্যা হলো পানি যাওয়ার কোনো জায়গা নেই।
খালে সিটি করপোরেশন হাত দিতে পারবে না, কারণ খালের মালিক জেলা প্রশাসক।
এখন তাহলে সমাধান কী? সমাধান কি নেই? আছে। সব সংস্থা নিয়ে একটি সমন্বয় কমিটি করতে হবে। কমিটিও হয়তো হবে, কিন্তু সবাই যদি আন্তরিক না হয়, তাহলে কোনো কাজ হবে না। আমাদের সংস্থাগুলো যে আন্তরিক, সেটা বলা কঠিন।
খাল উদ্ধার করতেই হবে। এর কোনো বিকল্প নেই। বিভিন্ন সংস্থার মধ্যে খারাপ লোক রয়েছে। এরা অনৈতিক কাজ করতে অন্যদের সহযোগিতা করে। বিলবোর্ড সরানোর সময় আমার লোকজন অন্যদের খবর দিয়ে সাবধান করেছে।
১০ দিন আগে ১৭১ জনকে বদলি করেছি। গুলশান, বনানী ও বারিধারা এলাকার সমস্যার সমাধান দুই বছরের মধ্যে হবে। মিরপুর এলাকার খাল উদ্ধার করতে হবে। এক জায়গায় আমাদের এক কাউন্সিলর দোকান তুলে দিয়েছেন। তাঁকে ভাঙতে বলেছি।
কত এলাকায় আপনি দেখবেন? কী করবেন? পানি তুরাগ ও বালু নদে নিতেই হবে। ওয়াসা যে কাজ করছে না তা নয়। হয়তো বিকল্প আরও অনেকভাবে করতে হবে। আমার আয়ত্তের মধ্যে অনেক কিছু নেই। আগামী নভেম্বর মাস থেকে মিরপুর এলাকায় কাজ করব। খাল–নালা দখলের বিরুদ্ধে উদ্যোগ নেব। স্থানীয় মানুষ ও বিভিন্ন সংস্থার সঙ্গে বসব।
আগমী দুই বছরের মধ্যে কিছু উন্নয়ন হবে বলে আশা করি। এত ছোট নগরে দুই কোটি মানুষের বাস। চেষ্টা করলেও যানজট কমাতে পারবেন না। তবে আমরা যানজট কমানোর জন্য বিভিন্ন কৌশল নিয়ে কাজ করছি। আশা করছি, একটা সমাধান করতে পারব।

মো. মুজিবুর রহমান
মো. মুজিবুর রহমান

মো. মুজিবুর রহমান: হাতিরঝিল সাড়ে ছয় মিটার পর্যন্ত পানি ধারণ করতে পারে। এখন পানির লেভেল সাড়ে চার মিটার। হাতিরঝিলে পানি প্রবেশের পথ কাজ করছে না। নালা ব্যবস্থাপনাকে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। নিচের দিকে খাল ও জলাশয়গুলো যেমন ঠিক রাখতে হবে, তেমনি নগরের পানি উপরিভাগের নালা দিয়ে যেন মূল নালায় যেতে পারে, সে ব্যবস্থা করতে হবে।
কাজটি খুব সহজ মনে হলেও অধিকাংশ এলাকায় দেখবেন, বিভিন্ন কারণে সড়কের উপরিভাগের নালার মুখ বন্ধ আছে। কোথাও ময়লা জমে, কোথাও সিমেন্ট জমে, কোথাও মাটি-বালুর বস্তা ও অন্যান্য বস্তু রেখে বন্ধ করা হয়েছে।
এগুলো ঠিক না করলে পানি সঠিকভাবে মূল নালায় যেতে পারবে না। ওয়াসাকে কিছু বললে তারা কোনো কিছু সহজভাবে নেয় না। খাল যে দখল হচ্ছে, ছোট হচ্ছে, এর জন্য কোনো গবেষণা করার প্রয়োজন নেই। যেকোনো মানুষের চোখেই বিষয়টি ধরা পড়বে।
বৃষ্টি না হলেও পয়ঃপ্রবাহ কিন্তু কমছে না। মানুষের চাপে প্রতিবছরই এ প্রবাহ বাড়ছে। এখন আবহাওয়া অতিমাত্রায় পরিবর্তন হচ্ছে। ২০ থেকে ২৫ বছরের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে অতিমাত্রায় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
যেকোনো প্রকল্প বাস্তবায়নের সময় এসব বিবেচনায় নিতে হবে। ওয়াসার সঙ্গে এ বিষয়ে কথা বললে তারা মনে করে তাদের সমালোচনা করা হচ্ছে। এক বছরের মধ্যে নগরের অভ্যন্তরের নালা ব্যবস্থাপনাকে কার্যকর করা সম্ভব। প্রথমে দেখতে হবে বৃষ্টির পানি মূল নালায় প্রবেশের জায়গা কার্যকর আছে কি না।
কারওয়ান বাজারের পানি নামার জন্য হাতিরঝিলের সঙ্গে পাইপের সংযোগ দেওয়ার বিষয়ে রেলওয়ে ও সিটি করপোরেশনের অনুমতি নিতে এক বছর সময় গেল। এসব প্রশাসনিক জটিলতার জন্য আমাদের দুর্ভোগের শেষ থাকে না। যে কাজ এক বছর আগে করা যেত, সেটা করতে অতিরিক্ত এক বছর সময় লাগল।
হাতিরঝিল প্রকল্প সমন্বিতভাবে কাজ করার একটি সফল উদাহরণ। এখানে রাজউক, ওয়াসা, এলজিইডি, সেনাবাহিনী, বুয়েট ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে। কোথাও কোনো সমস্যা হয়নি। যার যার দায়িত্ব প্রত্যেকে ঠিক ঠিকভাবে পালন করেছে।
সমন্বিতভাবে কাজ করলে যে অনেক সুন্দর কাজ হতে পারে, হাতিরঝিল প্রকল্প এর একটি ভালো দৃষ্টান্ত। পৃথিবীর ১ নম্বর জনবহুল নগর ঢাকা। টোকিওতে যদিও প্রায় চার কোটি মানুষ বাস করে, তারপরও এক বর্গকিলোমিটারে মানুষের ঘনত্ব চার হাজার জন। ঢাকা মহানগরে সেটি ৪০ হাজার জন। ঢাকা ওয়াসার স্টর্ম স্যুয়ারেজের কর্মক্ষমতা ২২ শতাংশ। এই ২০ শতাংশও যে কার্যকর, সেটি কিন্তু মনে হয় না। কারণ, পাগলা পয়োট্রিটমেন্ট প্ল্যান্টে সুয়েজ যাচ্ছে না। কোথায় যাচ্ছে? খাল, বিল, নদী ও নালায়। বড় নালার সঙ্গে এগুলোর সংযোগ রয়েছে। অথচ বড় নালার নকশাসহ সবকিছু আলাদা।
সম্প্রতি বিশ্বব্যাংকের এক হিসাবে দেখা যায়, ঢাকা মহানগরের পয়ঃপদ্ধতি কাজ করছে না। ওয়াসা বলছে, সু্যয়ারেজের মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) আছে। নগরে ১১টি পানি শোধনাগার (সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) হবে। পাগলা শোধনাগার শোধন করার মতো পর্যাপ্ত পয়োবর্জ্য পাচ্ছে না।
শোধনাগার আমাদের অবশ্যই দরকার। আগে দরকার পয়োবর্জ্য শোধনাগারে পৌঁছানোর প্রণালি ঠিক করা। আমার মতে, পয়োবর্জ্য শোধনাগারে পৌঁছানোর জন্য মহাপরিকল্পনা দরকার। পয়োবর্জ্য ও বৃষ্টির পানি কখনো একই নালার মধ্য দিয়ে যেতে পারে না।

জামিলুর রেজা চৌধুরী
জামিলুর রেজা চৌধুরী

জামিলুর রেজা চৌধুরী: ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) পর্যালোচনা শুরু হয় ২০০৯ সালে। পর্যালোচনায় পরিকল্পনাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা বন্যাপ্রবাহ অঞ্চল, অন্যটি সাময়িক বন্যাকবলিত অঞ্চল (সাব–ফ্লাড জোন)। বন্যাপ্রবাহ অঞ্চলে কোনো ধরনের নির্মাণকাজ করা যাবে না। সাময়িক বন্যাকবলিত অঞ্চলে খুঁটির ওপর নির্মাণকাজ করা যাবে। তবে বন্যার পানিপ্রবাহের ব্যবস্থা রেখে এটা করতে হবে।
পানি সরাসরি নদীতে নেওয়া যাবে না। প্রথমে জলাধারে ধারণ করতে হবে, তারপর নদীতে নিতে হবে। কিন্তু বাস্তবে কেউ খুঁটির ওপর নির্মাণ করবে না বলে আমরা দুটো জোন থেকেই ভবন নির্মাণকে বাদ দিতে বলেছি।
এখন ড্যাপের কী অবস্থা জানি না। অনেকে ১ সেপ্টেম্বর মঙ্গলবারের বৃষ্টিকে অনেক বড় দুর্যোগ মনে করেছেন। আমার মনে হয় খুব বেশি কিছু না। এর থেকে অনেক বড় দুর্যোগের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
১৯৮৮ সালের বন্যার পর রামপুরা, বুড়িগঙ্গার পাড় ও তুরাগের পাড় বাঁধ দিয়ে ঢাকাকে রক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তখন কল্যাণপুর, গোড়ান ও ধোলাই খালে তিনটি বড় পাম্পস্টেশন ছিল। এ তিনটি স্টেশনের কাছে জলাধার ছিল। এগুলো এখন নেই। হয় দখল, নাহয় ভরাট হয়েছে।
যে যা কিছু করছে, মনে হয় লোক দেখানোর জন্য করছে। কেউ কোনো বিষয়কে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। একসময় দেখলাম, বাবুবাজারের কাছে বুড়িগঙ্গাকে পরিষ্কার করা হচ্ছে। কিন্তু বর্জ্য রাখল আবার বুড়িগঙ্গারই পাড়ে।
ফলে, এটি আবার নদীর সঙ্গে মিশে গেল। তাহলে এই অর্থ ব্যয়ের অর্থ কী? একটি কাজের যদি কোনো সঠিক পরিকল্পনা না থাকে, কোনো সুচিন্তিত ভাবনা না থাকে, তবে সেটি থেকে কোনো ফল পাওয়া যাবে না। কেবল অর্থ ও সময় নষ্ট হবে।
বক্স কালভার্টগুলো এখন আর কাজ করছে না। আমাদের অনেক বড় ভুল হয়েছে ধোলাই খাল বন্ধ করা। সরকার একেবারে পরিকল্পনা করে ধোলাই খাল বন্ধ করেছে।
আমরা রায়সাহেব বাজারের এখানে সেতু দিয়ে পার হতাম। একসময় নৌকা চলত। ১৯৫২ সালে ফকিরাপুল থেকে শুরু করে মতিঝিল হয়ে কমলাপুর খাল দিয়ে দক্ষিণ দিকে নৌকাবাইচ হতো। এখন তো এর কোনো অস্তিত্ব নেই।
জলাশয় ভরাটের বিরুদ্ধে আইন আছে, কিন্তু আইনের কোনো প্রয়োগ নেই। শুধু জলাশয় কেন, অধিকাংশ ক্ষেত্রেই আইনের প্রয়োগ নেই।
খুব অল্প সময়ের সমাধান হলো বড় নালাসহ (স্টর্ম স্যুয়ার) অন্য নালাগুলো পরিষ্কার করা। এটা করতে পারলে অনেকটা সমাধান হয়তো হবে। সঙ্গে সঙ্গে মানুষকে সচেতন করতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। তবে দীর্ঘমেয়াদি শক্তিশালী পরিকল্পনা করতেই হবে। তা না হলে আমরা বারবার বিপর্যয়ের মধ্যেই পড়ব।

সৈয়দা রিজওয়ানা হাসান
সৈয়দা রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান: এসব বিষয়ে নতুন করে বলার কিছু নেই। এখানে যেসব কথা আলোচনা হয়েছে, এগুলো অনেকবার বলা হয়েছে। জামিলুর রেজা স্যার একটা নতুন কথা বলেছেন। তিনি বললেন, এখন যে চাপটা এসেছে, সেটা খুবই হালকা চাপ। ভবিষ্যতে আমাদের আরও বড় বড় চাপ সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে।
প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তনের ফলে আমাদের ওপর আরও বড় বড় চাপ আসবে। তার জন্য আমাদের কোনো প্রস্তুতি আছে বলে মনে হয় না।
আমরা ১ সেপ্টেম্বরের বৃষ্টিতেই নাকাল হয়ে পড়েছি। আমি মনে করি না কোনো কমিটি হবে, কমিটির কথা কেউ শুনবে, সত্যিকার অর্থে কোনো সমাধান হবে। জামিলুর রেজা স্যারের ড্যাপ পর্যালোচনা বাতিল করে দেয় কয়েকটি আবাসন কোম্পানি। সেখানে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। ঢাকা শহরের অভিভাবক কে? ঢাকা ওয়াসা নাকি ২২ শতাংশ স্টর্ম স্যুয়ারেজের সুযোগ দিতে পারে। স্বাধীনতার ৪৪ বছর পর একটা প্রতিষ্ঠানের সক্ষমতা যদি ২২ শতাংশ হয়, তাহলে তার কাছে আপনি কী আশা করবেন? কী প্রস্তাব করবেন? কী বাস্তবায়ন করবেন? এই কর্তৃপক্ষের যোগ্যতা কি আছে ওয়াসা চালানোর? এত দিনে অন্তত ৫০ শতাংশ সুযোগ-সুবিধা তার দেওয়া উচিত ছিল।
ঢাকা মহানগর তিন-চারবার ১ বা ২ নম্বর নিকৃষ্ট নগর হয়েছে। এ বিষয়ে সমাধানের জন্য উচ্চপর্যায়ের রাজনৈতিক কোনো সভা হয়েছে? তাহলে সমাধান হবে কীভাবে?
জামিলুর রেজা স্যারের ড্যাপ পর্যালোচনার পর আবার ড্যাপের পর্যালোচনা সভা হয়েছে। কিন্তু নিকৃষ্ট নগরীর অপবাদটি দূর করার জন্য কোনো সভা হতে আমরা দেখিনি।
ড্যাপ কার্যকর হলে আজ ভয়াবহ জলজটের মধ্যে পড়তে হতো না। নাগরিকদের চরম দুর্ভোগ মোকাবিলা করতে হেতা না। আবাসন কোম্পানিগুলো কখনো নগরের নাগরিকদের সুবিধার কথা ভাববে না। নগরবাসী কীভাবে থাকবে, এটা তাদের দেখার বিষয় না। আবাসন ব্যবসা করে মুনাফা করবে, এটাই আবাসন কোম্পানির কাজ।
আমাদের ৪৬টি খাল ছিল, এগুলো কোথায় গেল? রাজউক, ওয়াসা, সিটি করপোরেশন একজন আরেকজনের ওপর দায় চাপাবে।
প্রকৃতি আমাদের যা দিয়েছে, সেটা রক্ষা করতে পারলে আমাদের কোনো বিপর্যয় হতো না। ঢাকা শহরের চারপাশের খাল-বিল বন্ধ হয়ে গেছে। এগুলো জায়েজ করতে এখন নতুন করে ড্যাপ করা হচ্ছে।
আবাসন কোম্পানিগুলো এখন আর ফ্ল্যাট করছে না, তারা জমি ভরাট করছে। ঢাকা শহরে প্রয়োজনের তুলনায় বেশি ফ্ল্যাট বিধায় এখন আর ফ্ল্যাট বিক্রি হচ্ছে না।
এই শহরকে বাসযোগ্য করার ন্যূনতম রাজনৈতিক অঙ্গীকার নেই। এই নগরকে বাঁচাতে হলে অবশ্যই একটা আন্তরিক রাজনৈতিক অঙ্গীকারের খুব প্রয়োজন।
পূর্বাচল সম্পর্কে একটি প্রতিবেদন এসেছে, কয়েক শ জন আবেদন না করেই প্লট পেয়েছেন। সরকারের তো প্লট দেওয়ার দরকার নেই। ফ্ল্যাট করে কম দামে বিক্রি করতে পারে।
আজ আমাদের প্রতিকার পাওয়ার কোনো জায়গা নেই। প্রতিকারহীন এক সংস্কৃতির মধ্যে আছি। আদালত বলেছিলেন মধুমতির সব মাটি সরিয়ে নিতে। এ আদেশ পালন করা হলে একটা দৃষ্টান্ত তৈরি হতো। আশিয়ানকেও উচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছেন।
সরকার জলাশয় আইনে কাউকে শাস্তি দিল না। বরং আবাসন কোম্পানিগুলো জলাশয় ভরাট করে আবাসন করছে। দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ছাড়া আমরা সামনে এগোতে পারব না।

আসিফ মোহাম্মদ জামান
আসিফ মোহাম্মদ জামান

আসিফ মোহাম্মদ জামান: আমার গবেষণা ছিল ঢাকার বড় নালা, খাল ও পাম্পস্টেশন নিয়ে। এখানে কাজ ছিল বড় নালা থেকে পানি কীভাবে পাম্পস্টেশনে যায়। সম্প্রতি যে বৃষ্টি হলো, এটাকে খুব বেশি ভারী বৃষ্টি বলা যাবে না। আগে সমস্যা এত জটিল ছিল না। এখন বৃষ্টি হলেই জলজট-যানজট সৃষ্টি হচ্ছে।
অনেক ক্ষেত্রে নদীর পানির স্তর পাইপের পানির স্তর থেকে বেশি হওয়ায় পানি সরানোর জন্য পাম্পের ওপর নির্ভর করতে হচ্ছে। আবার পাম্পের পাশে যে জলাধার থাকার কথা, সেটাও নেই। এমন অনেক সমস্যা আছে।
ঢাকা শহরে অনেক দ্রুত জনসংখ্যা বাড়ছে। প্রতিষ্ঠান গড়ে উঠছে। খাল উদ্ধার করার চেষ্টা করেও উদ্ধার করতে পারছে না।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা না নিয়ে কোনো সমস্যার আপাত সমাধানের চেষ্টা করা হয়। ফলে, সমস্যার স্থায়ী সমাধান হয় না। এ জন্য আমরা ঘুরে–ফিরে একই সমস্যায় আটকে যাচ্ছি। সমস্যা আমাদের মধ্যেও আছে। আমরা নিজেরা যেখানে-সেখানে ময়লা ফেলছি।
সড়কে যাতায়াতের সময় আমরা নিয়ম ভঙ্গ করছি। নদীতে ভ্রমণের সময় পানিতে প্লাস্টিকের বোতল ফেলছি। প্রতিনিয়ত এভাবে পরিবেশকে দূষিত করছি। আমাদের মধ্যে সচেতনতা না এলে পরিবেশ রক্ষা করতে পারব না।
বৃষ্টির পানি ও ময়লা পানির পাইপ আলাদা করা হচ্ছে। সু্যয়ারেজ ব্যবস্থাপনার ভালো পরিকল্পনা আছে। কিন্তু বাস্তবায়ন কীভাবে হবে, সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে।
জমি অধিগ্রহণ, জলাধার নির্মাণসহ অনেক কাজ করতে হবে। নদীর সীমানা নির্ধারণের কাজ হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ সন্দেহ নেই। কিন্তু শুকনোর সময়ে সীমানা নির্ধারণ করা হচ্ছে। অথচ বর্ষা ঋতুতে নদীর সীমানা বেড়ে যায়। এ বিষয়কে বিবেচনায় না নিলে পানি বেড়ে যাবে, গেট বন্ধ করতে হবে, পাম্প চালু করতে হবে।
একটা বড় ভূমিকম্প হলে আমাদের কী হবে, তা কেউ জানি না। এখন থেকে সঠিক পরিকল্পনা না নিলে আমরা বিপর্যয় এড়াতে পারব না।

মোবাশ্বের হোসেন
মোবাশ্বের হোসেন

মোবাশ্বের হোসেন: মানুষকে শেখানোর বা সচেতন করার কিছু আছে বলে মনে করি না। গ্রামের একজন সাধারণ মানুষ যখন বিদেশে যাচ্ছে, তখন ওই দেশের সব আইন সে মানছে। দেশে এলে আবার ভুলে যাচ্ছে। কারণ, দেশে আইনের কার্যকর প্রয়োগ নেই।
প্রতিদিন রাজপথে চলতে গিয়ে শিখি কীভাবে ট্রাফিক আইন ভঙ্গ করতে হয়। কারণ লাল বাতি জ্বললেই আমাকে যেতে বলা হয়। লাল বাতি জ্বললেই ট্রাফিক পুলিশ বলে যান। আর এটাই প্রতিদিন শিখি।
এখান থেকে মাত্র কিছুটা দূরে একজন রিকশাওয়ালা যখন ক্যান্টনমেন্টে রিকশা চালায়, তখন সে সবকিছু জানে। কোনো আইন ভঙ্গ করে না।
প্রতিদিন সরকারের অনেক বড় কর্মকর্তা রাস্তার উল্টো দিকে গাড়ি চালান। তাঁদের কোনো বিচার হয় না। আইনজীবীরা স্বপ্রণোদিত হয়ে অনেক কিছু করেন। বিচারকদের অনুরোধ করব, তাঁরা যেন আইনভঙ্গকারীদের প্রতীকী হিসেবে হলেও দুই-এক ঘণ্টার জেল দেন। দেখবেন অনেক পরিবর্তন আসবে।
পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সড়কে সবাইকে আইন মানাতে বাধ্য করা হয়। এর মানে কি এই নয় যে সড়ক গুরুত্বপূর্ণ না হলে আইন মানার দরকার নেই? রাস্তায় দুই দিন পুলিশ কড়াকড়ি করেছিল। মানুষ লাইন দিয়ে ওভারব্রিজ পার হয়েছে। মানুষ কখন আইন মানে না? যখন সে দেখে যে আইন ভঙ্গ করলে কিছু হয় না।
সড়ক চলাচলে, ড্যাপ প্রয়োগে সরকারি লোকজন আইন ভঙ্গ করছেন। এ অবস্থায় সাধারণ মানুষ কেন আইন মানবে? রাজউক বিভিন্ন ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করছে। রাজউক সবাইকে ফ্ল্যাটের পরিবর্তে প্লট দিয়ে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত করছে। প্লটের মালিকেরা কম দামে প্লট নিয়ে অনেক বেশি দামে কালোবাজারি করছেন।
ঢাকা মহানগরের জলাবদ্ধতার সঙ্গে সাতটি প্রতিষ্ঠান জড়িত। যেকোনো নগরের যেকোনো সমস্যার জন্য কিন্তু মানুষ মেয়রকে দোষারোপ করবে। কারণ, তাঁকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। সব চাওয়া-পাওয়া তাঁর কাছে থাকবে।
তাই মেয়রদের নেতৃত্বে সব প্রতিষ্ঠান নিয়ে সমন্বিতভাবে কমিটি করতে হবে। বাংলাদেশে কমিটির কোনো শেষ নেই।
কমিটি হলেই যে সব কাজ হবে, এর কোনো নিশ্চয়তা নেই। আমার জানামতে, এই সমন্বয় কমিটির প্রধান কে হবেন, কোন সচিব দায়িত্বে থাকবেন ইত্যাদি নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
মেয়রদের নেতৃত্বে জলজট নিরসনে কমিটি হতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশে। কমিটি দুটি বা একটি হতে পারে, দুই মেয়র সমন্বিতভাবে এটি পরিচালনা করবেন।
এই কমিটিতে জনগণের মধ্য থেকে বিশেষজ্ঞ রাখতে হবে, যাঁরা প্রভাবশালী লোকজনের অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে পারবেন।
শেষ কথা হলো, সমগ্র দেশকে বাদ দিয়ে শুধু ঢাকাকে যত বসবাসের উপযোগী করতে যােব, ততই ঢাকার ক্ষতি করব।

সাঈদ খোকন
সাঈদ খোকন

সাঈদ খোকন: কয়েক বছর ধরে আমরা জলাবদ্ধতায় ভুগছি। প্রতিবছর এটা নিয়ে কথা হচ্ছে। সেপ্টেম্বরের বৃষ্টি আমাদের আরও সতর্ক করেছে। এটি ছিল একটি বিপৎসংকেত। ভবিষ্যতে কী হবে আমরা জানি না। এ রকম চলতে থাকলে ঢাকা মহানগর তলিয়ে যাবে। জনজীবন বিপর্যস্ত হবে। নির্বাচনের সময় বলেছিলাম ঢাকাকে একটি বাসযোগ্য শহর করতে চাই। নগর পরিকল্পনাবিদ, স্থপতি, বিশেষজ্ঞ সবাইকে নিয়ে কাজ করতে চাই।
গত ২৯ আগস্ট বিশেষজ্ঞ ও ২০টি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি সভা করেছি। এ সভায় পাঁচটি উপস্থাপনা দেখানো হয়েছে। এখান থেকে আমরা সমস্যা চিহ্নিত করেছি। সমস্যা সমাধানের উপায় বের করেছি।
এ সভায় একটি টাস্কফোর্স (সমন্বিত কর্তৃপক্ষ) গঠনের সিদ্ধান্ত হয়। কিন্তু দেখা গেল টাস্কফোর্স গঠনের মতো ক্ষমতা সিটি করপোরেশনের নেই।
আমাদের নালাগুলো কয়েকটি সংস্থার দায়িত্বে রয়েছে। একজনের সঙ্গে অন্যজনের কোনো সমন্বয় নেই। এটা হলো বাস্তবতা।
সিটি করপোরেশনের এই সমস্যার সমাধান করতে হলে অতি দ্রুত একটি সমন্বয় কমিটি করতে হবে। যেকোনো নামেই এটা হতে পারে। এই সমন্বয় কমিটির কোনো বিকল্প নেই।
একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমাদের কাজ শুরু করতে হবে। গত ২৯ আগস্টের আলোচনার আলোকে আমরা একটি প্রকল্প নিতে যাচ্ছি। আশা করছি, প্রধানমন্ত্রী এটা অনুমোদন করবেন। এই অনুমোদনের পর কাজ শুরু করব।
এ প্রকল্পে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি—তিন ধরনের পরিকল্পনা থাকবে। দীর্ঘমেয়াদের মধ্যে রয়েছে বক্স কালভার্টগুলো পরিষ্কার করা। স্বল্পমেয়াদে নালা-নর্দমা ঠিক করা, সড়কের লেভেল ঠিক করা ইত্যাদি।
অনেকের কাছে অসম্ভব মনে হলেও আমরা আশা করছি, আগামী বর্ষা মৌসুমের আগে শতকরা ৫০ ভাগ জলজট নিরসন করতে পারব। আমি আশাহত না, এই শহরের লোকজনকেও আশাহত হতে দিতে চাই না।
সবাইকে নিয়ে কাজটি করতে চাই। করতে পারব বলেই আমার শতভাগ বিশ্বাস। সফল কতটা হব বা বিফল হব, সেটা নগরের মানুষ দেখবে। কিন্তু আমার দায়িত্ব পুরোপুরি চালিয়ে যেতে চাই।
আমাদের ২৯ আগস্টের সভাটি করার তিন দিনের মাথায় ১ সেপ্টেম্বরের দুর্যোগটি নেমে এসেছে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে আমাদের কতটা সতর্ক হতে হবে।
ভবিষ্যতের দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের এখনই কাজ করতে হবে। দুই-তিন দিনের মধেই হয়তো বৃষ্টি আর থাকবে না। কিন্তু আমাদের মধ্যে এখন যে গুরুত্বটা তৈরি হয়েছে, সেটা যেন কমে না যায়। অন্তত কিছুটা কাজ এগিয়ে নেওয়া পর্যন্ত যেন এই গুরুত্ব থাকে।
আমাদের আর বসে থাকার সময় নেই। এ কাজে সবার সহযোগিতা চাই।

নজরুল ইসলাম
নজরুল ইসলাম

নজরুল ইসলাম: জলজট নিয়ে অনেক প্রাসঙ্গিক আলোচনা হয়েছে। এ বিষয়ে বহুদিন থেকে কথা চলছে, হয়তো এভাবে চলতেই থাকবে; যদি না কোনো সমাধান হয়।
তিন ধরনের পরিকল্পনা নিয়েই সিটি করপোরেশনকে কাজ করতে হবে। নির্বাচনের আগে মেয়র পদপ্রার্থীদের নিয়ে প্রথম আলোয় একটা আলোচনা হয়েছিল। প্রায় সব মেয়র পদপ্রার্থী সেই আলোচনায় ছিলেন। তখন বলেছিলাম, এঁদের মধ্য থেকে যাঁরাই নির্বাচিত হোক না কেন, তাঁরা কেউ কথার কথা বলবেন না। তাঁরা সত্যিকার অর্থে কাজ করবেন।
মেয়র পদপ্রার্থীদের প্রতি এ আশাবাদকে আমার বন্ধুরা অবান্তর বলেছিলেন। আমি আগের সেই আশাবাদ থেকে এতটুকু সরিনি। সব সময় মনে হয়, এঁরা ভালো কিছু করবেন।
রিজওয়ানার সঙ্গে একমত যে আসলেই ঢাকার কোনো অভিভাবক নেই। একটা রাজনৈতিক অঙ্গীকার যে কত প্রয়োজন, সেটা আমরা প্রতি পদে বুঝতে পারি।
জাতীয় সংসদ থেকে অঙ্গীকারটা আসতে পারত। প্রধানমন্ত্রীর কাছ থেকে আসতে পারত। এরশাদ তিলোত্তমা ঢাকা করার কাজটি শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি।
১৯৫৯ থেকে ১৯৭৯—এই ২০ বছরে ডিআইটি (ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট) মহাপরিকল্পনা করেছিল বলে রক্ষা। আজকের কারওয়ান বাজারের মতো বিভিন্ন এলাকা, বড় বড় সড়ক ডিআইটির প্ল্যানেই করা। এখন পর্যন্ত সবকিছু প্রায় ডিআইটির প্ল্যান দিয়েই চলছে।
স্বাধীনতার পর ১৯৮০ সালে প্রথম পেলাম ঢাকা মেট্রোপলিটন ইনটিগ্রেটেড প্ল্যান। এটা করেছিল প্ল্যানিং কমিশন। এটা একটা চমৎকার পরিকল্পনা ছিল। সরকার আর বাস্তবায়নে গেল না।
এরপর ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বিএনপির সময়ে রাজউক ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান (ডিএমডিপি) করল। ১৯৯৭ সালে আওয়ামী লীগ এটা পাস করল। ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে ড্যাপ ছিল। ড্যাপ ছাড়া কোনো কিছু হওয়ারই কথা না। অথচ ড্যাপ পাস হলো ২০১০ সালে। এটা ভাবা যায়?
১৯৯৭ সালেই ড্যাপ পাস হওয়ার কথা ছিল। ড্যাপ পাস হওয়ার পর গেজেট হলো, আবার বন্ধ হলো। অর্থাৎ, আমরা যারা ড্যাপ করলাম, তা সম্পূর্ণ অন্যদিকে চলে গেল।
এরপর এল এসটিপি (স্ট্র্যাটেজি ট্রান্সপোর্ট প্ল্যান)। দেশি-বিদেশি কয়েকটি পরামর্শক কোম্পানি এটা করল। জামিলুর রেজা চৌধুরী, আমি, রিজওয়ানা হাসানসহ অন্যদের নিয়ে এর একটা পর্যালোচনা কমিটি করা হলো। আমরা বিনা পয়সায় এটা নিয়ে দারুণ কাজ করলাম।
ঢাকা মহানগরে প্রায় দুই কোটি মানুষের বাস, অথচ মেট্রোরেল এই পরিকল্পনায় নেই। ভারতে নিয়ম হয়েছে, ৪০ লাখের বেশি লোক হলে মেট্রোরেল থাকতে হবে।
আমরা এই এসটিপির সঙ্গে মেট্রোরেলসহ আরও কিছু বিষয় যুক্ত করলাম। আমরা যুক্ত থাকাতে পরিকল্পনাটি কিছুটা পরিমার্জিত হতে পেরেছিল।
এটা বিএনপির সময়ে তৈরি হলো। তত্ত্বাবধায়ক সরকার অনুমোদন করল। আওয়ামী লীগ সরকার এসে আবার অনুমোদন করল। আওয়ামী লীগ আমলে কাজও শুরু হলো। তবে শুরু হলো উল্টো দিক থেকে। পরিকল্পনায় ছিল মেট্রোরেল, ক্যমিউটার ট্রেন, ব্যবস্থাপনা ও ফ্লাইওভার। ফ্লাইওভার ছিল সবচেয়ে শেষে, এটাই শুরু হলো প্রথমে।
এখন আবার রাজউকের অধীনে তৈরি হয়েছে ঢাকা স্ট্রাকচার প্ল্যান। এটা যদি চুপচাপ পাস হয়, তাহলে আমরা দায়ী থাকব। আমাদের সবার দায়িত্ব এটা যাচাই-বাছাই করে পাস করানো।
জলজটের জন্য আমাদের যেটা করতে হবে, তা হলো সার্বিক কাজের জন্য একটা টাস্কফোর্স আর বিষয়ভিত্তিক কাজের জন্য একটা টাস্কফোর্স। টাস্কফোর্স গঠনের আলোচনা সর্বোচ্চ পর্যায়ে নিতে হবে।
এই মুহূর্তে মেয়র যেটা করবেন, সেটা হলো প্রতিটি কাজের জন্য একটা উপদেষ্টা পর্ষদ গঠন। তাঁদের উপদেশ-পরামর্শ নিয়ে মেয়র কাজ শুরু করে দেবেন। একই সঙ্গে মহাপরিকল্পনার কাজও চলতে থাকবে।
মানুষের অসাধ্য কোনো কিছু নেই। এই শহরকে বাসযোগ্য করা আমাদের মেয়রদের পক্ষে সম্ভব।

আব্দুল কাইয়ুম: মহানগরের জলজট নতুন কোনো ঘটনা নয়। অনেক বছর ধরেই নগরের মানুষ এ সমস্যা দেখে আসছে। কিন্তু ১ সেপ্টেম্বরের অভিজ্ঞতা একেবারেই অন্য রকম।
সবাই ভয় পেয়ে গিয়েছিল। বৃষ্টির পানি কোথায় গিয়ে থামবে, কেউ আন্দাজ করতে পারছিল না। যা হোক, আমরা বিপদ থেকে রক্ষা পেয়েছি।
আমাদের সবার প্রত্যাশা থাকবে, আগামী বর্ষা আসার আগেই এ সমস্যার একটা সমাধান হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ক্ষেত্রে জোরােলা ভূমিকা নেবে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
যাঁরা অংশ নিলেন
আনিসুল হক : মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন
সাঈদ খোকন : মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
জামিলুর রেজা চৌধুরী : উপাচার্য, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়
নজরুল ইসলাম : সভাপতি, সেন্টার ফর আরবান স্টাডিজ
মোবাশ্বের হোসেন : সাবেক সভাপতি, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট
মো. মুজিবুর রহমান : অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট এবং পরামর্শক হাতিরঝিল প্রকল্প
সৈয়দা রিজওয়ানা হাসান : নির্বাহী পরিচালক, বেলা
আসিফ মোহাম্মদ জামান : সহযোগী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, পরামর্শক, ইন্টারন্যাশনাল ওয়াটার মডেলিং
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো