রাজধানীর মিরপুর ও আগারগাঁও এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনেক স্থানে জলাবদ্ধতা সাময়িক হলেও কয়েকটি জায়গায় পানি জমে আছে মাসের পর মাস ধরে। অনেক সড়ক অল্প বৃষ্টিতেই হাঁটুপানিতে তলিয়ে যায়। পানি নামে না তিন-চার দিনেও। দুর্ভোগে পড়ছেন অসংখ্য মানুষ।
প্যারিস রোডের পাশে দীর্ঘ দুর্ভোগ: মিরপুর ১০ নম্বর ঝুটপট্টি থেকে প্যারিস রোডমুখী সড়কে ছয় মাস ধরে পানি জমে আছে। কয়েক দিন আগে গিয়ে দেখা যায়, বৃষ্টি না হলেও সড়ক বিভাজকের সামান্য অংশ বাদে দুপাশেই ময়লা-দুর্গন্ধযুক্ত পানি জমে আছে। প্রায় দুপুর হলেও সড়কটি যানশূন্য। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নিষ্কাশন লাইন ওয়াসার নালায় গিয়ে মিশেছে। বিপুল পরিমাণ ময়লা-আর্বজনা জমে যাওয়ায় ওয়াসার সে নালা বন্ধের অবস্থা।
স্থানীয় ব্যবসায়ী আবদুর রব বলেন, ‘আমার দুই ছেলেমেয়ে মিরপুর ১০ নম্বরের একটি স্কুলে পড়ে। এ রাস্তা বন্ধ থাকায় মিরপুর ১১ নম্বর দিয়ে ঘুরে যেতে হচ্ছে। সময় ও অর্থ দুই-ই অপচয় হচ্ছে।’
ওই সড়কের এক মুদি দোকানি মোহাম্মদ বাবুল বলেন, ‘বৃষ্টি ছাড়াই পানি জমে আছে। বৃষ্টি হলে পানি দোকান পর্যন্ত চলে আসে। দোকান বন্ধ রাখতে হয়।’
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা বলেন, এই রাস্তা আশপাশের অন্যান্য রাস্তার তুলনায় চার-পাঁচ ফুট নিচু। এলাকাবাসীর আপত্তির কারণে রাস্তা উঁচু করা যাচ্ছে না। সিটি করপোরেশনের নিষ্কাশন লাইন সম্প্রতি পরিষ্কার করা হয়েছে। কিন্তু ওয়াসা তাদের নালা পরিষ্কার না করায় পানি রাস্তায় চলে আসে।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) এস ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, ‘লোকে খালে ময়লা-আবর্জনা ফেললে ১৫-২০ দিনেই আগের অবস্থায় চলে যায়। খাল বছরে কয়েকবার পরিষ্কার করার মতো টাকা আমাদের নাই।’
পানিবন্দী গুরুত্বপূর্ণ কার্যালয়: আগারগাঁওয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম প্রশিক্ষণ একাডেমি, কোস্টগার্ড সদর দপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের আশপাশের কয়েকটি সড়কে বৃষ্টি হলেই পানি জমে যায়। তা ছাড়া সড়কগুলো খানাখন্দে ভরা। পাশের প্রবীণ হাসপাতালের সমাজকল্যাণ কর্মকর্তা আবদুর রহমান বলেন, বৃষ্টি হলে পানি সরতে চায় না। হাসপাতালের কর্মীরা কাজে আসতে পারে না। তিন-চার বছর ধরে এমন ভোগান্তি হচ্ছে।
এলাকার নিম্নবিত্ত কয়েকজন মানুষ বলেন, আগে বৃষ্টির পানি সরতে তিন-চার দিন লাগত। ইদানীং প্রায় সব সময় পানি জমে থাকছে।
ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) আহম্মদ আলী শাহ্ বলেন, ‘সড়কগুলো পিডব্লিউডির। তারা সিটি করপোরেশনকে এখনো বুঝিয়ে দেয়নি। তাই আমরা কিছু করতে পারছি না।’
পানিবন্দী রূপনগর-দুয়ারীপাড়া: মিরপুর ২ নম্বরের শিয়ালবাড়ী মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা হয়ে দুয়ারীপাড়া যাওয়ার প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি অল্প বৃষ্টি হলেও জলাবদ্ধ হয়ে পড়ছে। এর মধ্যে ওয়াসা পানির লাইন বসাতে রূপনগর আবাসিক এলাকার ৩৯টি অভ্যন্তরীণ সড়কের মধ্যে ৩১টিই কাটা থাকায় সেখানকার অবস্থা শোচনীয়।
গতকাল সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) রূপনগর ক্যাম্পাসের সামনের সড়ক, রূপনগর আবাসিক এলাকা মোড়, আরিফাবাদ হাউজিং, দুয়ারীপাড়া বাজার ও ৯২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পর্যন্ত মূল রাস্তায় বড় বড় গর্ত এবং পানি জমে আছে।
আরিফাবাদ হাউজিং এলাকার একটি হার্ডওয়্যার দোকানের মালিক রায়হান বলেন, ওয়াসা তিন মাস আগে রাস্তা কাটলেও এখনো মেরামত করেনি। তাঁর দোকানে থাকা আরও কয়েকজন বললেন, রূপনগর খালের ওপরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো পানিনিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে।
গত বুধবার সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদ উদ্দিন বলেন, রূপনগর এলাকার সব বাড়িতে নতুন পাইপলাইন বসাতে হচ্ছে। এটি সময়সাপেক্ষ ব্যাপার। ঈদের পরে কাজ শেষ হতে পারে।
ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) আহম্মদ আলী শাহ্ বলেন, রূপনগর এলাকাটি অপেক্ষাকৃত নিচু হওয়ায় পানি সরতে সময় বেশি লাগে। তা ছাড়া খালগুলো ময়লা জমে বন্ধ।
অস্থায়ী জলাবদ্ধতা যেখানে: আগারগাঁও থেকে মিরপুর ১২ এবং মিরপুর ১০ থেকে ১৪ নম্বর যাওয়ার মূল রাস্তার দুপাশে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। নামতে দু-তিন ঘণ্টা লাগছে। টি-২০ বিশ্বকাপ উপলক্ষে রাস্তা দুটি সংস্কার করা হয়। সংস্কারকাজের সময় ব্যবহৃত কিছু নির্মাণসামগ্রী এখনো রাস্তার পাশে পড়ে আছে। স্থানীয় লোকজন বলছেন, এগুলো পানিনিষ্কাশনে বিঘ্ন সৃষ্টি করছে।
গতকালের বৃষ্টিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে কাজীপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দুপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কাজীপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দা আরিফা আলম বলেন, ‘কিছুক্ষণÿবৃষ্টি হলেই পানি জমে যায়। ঢেউ ওঠে। এটা যে রাস্তা তা বোঝার উপায় থাকে না।’
মনিপুর এলাকায়ও বিভিন্ন সড়ক সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে। সে পানি নামতে সাধারণত কয়েক ঘণ্টা পর্যন্ত লেগে যায়। তবে মনিপুর স্কুলের মূল শাখার পাশের চেতনা সমবায়ের সড়কে পানি জমে থাকে কয়েক দিন পর্যন্ত। স্থানীয় বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ স্বাধীন বলেন, ‘আগে পানি মাড়িয়ে স্কুলে যেতাম, এখন ভার্সিটিতে যাই।’
এ ছাড়া মিরপুর ৭ নম্বর থেকে মিল্কভিটা মোড়, শেওড়াপাড়ায় হাজী আশ্রাফ আলী হাইস্কুলের রাস্তা থেকে ডরিন গার্মেন্টস পর্যন্ত, পূর্ব সেনপাড়ার ভেতরের কিছু রাস্তা ও টোলারবাগের সড়ক ও জনপথ গবেষণাগারের প্রবেশমুখসহ অনেক জায়গায় বৃষ্টি হলেই পানি জমে যায়।
মিরপুর এলাকার জলাবদ্ধতার ব্যাপারে বিপন কুমার সাহা বলেন, ‘কয়েকটি রাস্তার পাশে সংস্কারসামগ্রী থেকে যাওয়ায় ড্রেনগুলো কাজ করছে না। ঠিকাদারকে বলা হয়েছে পরিষ্কার করতে। মনিপুর এলাকাটি অপেক্ষাকৃত নিচু হওয়ায় পানি সরতে সময় লাগে। আটটি ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী মাত্র ৩৯ জন। জলাবদ্ধতা নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
ওয়াসার কর্মকর্তা কামরুল আলম চৌধুরী বলেন, ‘ঢাকায় বৃষ্টির পানি সাময়িকভাবে জমার মতো জলাধার আছে মাত্র ৩ শতাংশের মতো। অথচ প্রয়োজন ন্যূনতম ১৫ শতাংশ। ঢাকাই বিশ্বের একমাত্র শহর, যেখানে বৃষ্টির সম্পূর্ণ পানি ড্রেনে যায়। কিন্তু ড্রেনেজ ব্যবস্থাও উন্নত নয়, পানি সরতে সময় তো লাগবেই।’
কামরুল আলম চৌধুরী আরও বলেন, আবর্জনা পরিষ্কারের দায়িত্ব একক প্রতিষ্ঠানের পাওয়া উচিত। তাহলে সমন্বয়হীনতার সমস্যা দূর হবে এবং ডিসিসি-ওয়াসা পারস্পরিক দোষারোপও বন্ধ হবে।