জলজীবিকার হাতিয়ার ‘বারকি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদে ঐতিহ্যবাহী বারকি নৌকা
ছবি: আনিস মাহমুদ

নৌকার নাম ‘বারকি’। লম্বা আকৃতির। দৈর্ঘ্যে ৩৬ ফুট, প্রস্থে সাড়ে ৪ ফুট। সামনে ও পেছনে কাঠের তক্তা দিয়ে একাধিক বসার স্থান। গলুইয়ের এক পাশে বসে চালাতে হয় নৌকা। নৌকার মাঝখান পুরোটা ফাঁকা। এই ফাঁকা জায়গায় বহন করা হয় বালু অথবা পাথর। বর্ষাকালে শ্রমজীবীদের জলজীবিকার হাতিয়ার এই বারকি।

‘বারকি বাওয়ায় বাড়তি শ্রম’। ‘বারকি বাওয়া’ সিলেট অঞ্চলে বালু-পাথর মহাল এলাকায় বর্ষাকালীন আরেক পেশা। বর্ষার এই সময়ে আলাদা করে বারকি তৈরি হয় শুধু সিলেটেই, ব্যবহৃতও হয় সিলেটে। নৌকার হাটে বারকি থাকে কেনাবেচার শীর্ষে।

সিলেট অঞ্চলের একটি পুরোনো হাট সালুটিকর। তিনটি উপজেলার মিলনস্থলে হাটটির অবস্থান, যেন এক হাটে গিয়ে তিন উপজেলায় পদচারণ। যোগাযোগে সালুটিকর–নাওবাজারের যাতায়াত অনেকটা নাও-নদীময়। কবে থেকে বারকির কেনাবেচা? সম্প্রতি এক হাটবারে এমন প্রশ্নে ক্রেতা-বিক্রেতারা বিস্ময়ের মুখে পড়েন। নির্দিষ্ট কোনো সন-তারিখ জানা নেই তাঁদের। শত বছর আগে বলে এড়িয়ে যান অনেকে।

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ একটি পাথর কোয়ারি। সেখানে পাথর ও বালু উত্তোলনে বারকি নৌকার ব্যবহার থেকে সালুটিকরে নাওবাজার প্রতিষ্ঠা হয়। লোকমুখে শুনে এমনটি জানালেন কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামালউদ্দিন। এই জনপ্রতিনিধি বলেন, সুনামগঞ্জের মাইজবাড়ি গ্রাম একসময় নৌকা তৈরির জন্য বিখ্যাত ছিল। সব নৌকার জোগান সেখান থেকে হতো। বারকি নৌকা তৈরি সেখানেই শুরু।

সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হওয়ায় নৌকার চাহিদা কমে গেছে। তবে বারকি নৌকার কদর আছে এখনো। সালুটিকরের হাটে বৈটাখাল, নিয়াইন, লেঙ্গুড়া ও গোয়াইনঘাট এলাকার বিক্রেতারা বেশি বারকি নৌকা নিয়ে আসেন বিক্রির জন্য। তবে ক্রেতার ক্ষেত্রে এই উপজেলাগুলো ছাড়াও হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মানুষ এখান থেকে এসে নৌকা কিনে নিয়ে যান। আশ্বিন মাস পর্যন্ত চলে এই নৌকার হাট।

ভালো কাঠে তৈরি বারকির দাম বেশি। নতুন নৌকা বিক্রি হচ্ছে ৮ থেকে ১২ হাজার টাকায়। বিক্রেতাদের অনেকেই আবার নৌকা তৈরির সঙ্গে জড়িত। তাঁদের পরিচিতি ‘আলংদার’ (নৌকার মিস্ত্রি) নামে। তিনজন আলংদার ও দুজন সহযোগী মিলে এক দিনেই একটি বারকি তৈরি করতে পারেন। তবে সাধারণত সপ্তাহখানেক সময় লাগে। নূর হোসেন নামের এক আলংদার বলেন, পানি বাড়লে বারকি শ্রম বাড়ে। তখন কেনাবেচাও হয় বেশি। চাহিদা থাকলে এক বর্ষাতে ১০-১২টি নৌকা তৈরি করে বিক্রি করা যায়।

‘বারকি’ নামটি এসেছে এক ব্রিটিশ নাগরিকের নাম থেকে। সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ আলী সম্পাদিত সুনামগঞ্জ পরিচিতি গ্রন্থে এ তথ্য স্থান পেয়েছে। বারকি নৌকা ও বারকি শ্রম প্রসঙ্গে বইটিতে বলা হয়েছে, ১৭৫৭ থেকে ১৯০০ সালের মধ্যবর্তী কোনো এক সময়ে সিলেট অঞ্চলে নৌকার প্রচলন হয়। ওই সময় মি. জন বারকি নামের এক ব্রিটিশ নাগরিকের নকশায় তৈরি হয় লম্বা আকৃতির একটি নৌকা। তখন শুধু চুনাপাথর এ নৌকায় পরিবহন করা হতো। জলপথে ভারী চুন পরিবহনে লম্বা আকৃতির সোজাসাপটাভাবে তৈরি নৌকা তাঁর নামেই প্রচলিত হয়।

জলের শিল্প জলের সংস্কৃতি বইয়ে গবেষক মোহাম্মদ সুবাসউদ্দিন বারকি নৌকাকে ‘জলযান শিল্প’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘জলের উজান-ভাটিতে জলযান বারকি জলজীবীদের জীবনযুদ্ধের অন্যতম হাতিয়ার।’

জলজীবিকায় বারকি একটি হাতিয়ার—এ তত্ত্ব শুধু বইয়ের পাতায় নয়, বর্ষায় বালু-পাথর উত্তোলন কিংবা পরিবহন এলাকায় চোখ রাখলেই দেখা যায়।

ছাতকের চেলায় গিয়ে বারকি বাওয়ার কাজ করেন সিলেট সদরের চেঙ্গেরখাল নয়াবাঁধ গ্রামের শ্রমজীবী দম্পতি আজর আলী ও রাজিয়া খাতুন। চেঙ্গেরখালের তীরে বাদাঘাটে কথা হয় তাঁদের সঙ্গে। কৃষিকাজ করেন আজর আলী। কিন্তু বর্ষায় খেত জলমগ্ন থাকায় বিকল্প পেশা হিসেবে বারকি নৌকা ভাড়ায় নিয়ে বালু পরিবহন করেন। দৈনিক ভাড়া ২০০ টাকা মিটিয়ে তাঁদের দুজনের ৮০০ থেকে ১ হাজার টাকা রোজগার হয়। আজর আলী বলেন, ‘বাইরা মাস (বর্ষাকাল) তো কামকাজ নাই। হাতে বারকি না থাকলে উপাস থাকতে অইত।’