জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ফাহমিদ ফয়সল চৌধুরীকে আহ্বায়ক করে ৩৮ সদস্যবিশিষ্ট জলঢাকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং আবু সাঈদ চৌধুরীকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট জলঢাকা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির ওপর জারি করা দলের স্থগিতাদেশ প্রত্যাহার করে এ কমিটি গঠন করা হয়। গতকাল বুধবার সকালে জেলা বিএনপির আহ্বায়ক আনিছুল আরেফিন চৌধুরী ও সদস্যসচিব সামসুজ্জামান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৩ আগস্ট জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে জলঢাকা পৌর ও উপজেলা বিএনপির বর্ধিত সভায় দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন। ওই দিনই জেলা বিএনপির নেতারা জরুরি সভা করে জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির সব কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করেন। সেই সময় থেকে জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির সব কর্মকাণ্ড বন্ধ ছিল।