উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও ডিলার নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ কারণে নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিক্রি এখনো শুরুই হয়নি।
জলঢাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম বলেন, ‘১৭ অক্টোবর ডিলার নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে এ পর্যন্ত ৩টি ইউনিয়নের উপকারভোগীর তালিকা হাতে পেয়েছি। প্রক্রিয়া সম্পন্ন করে এ মাসের মধ্যেই এই ৩ ইউনিয়নে চাল বিতরণ করা হবে।’
কিশোরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সামসুল হকের সঙ্গে একাধিকার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে এই উপজেলায় ডিলার নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে গত রোববার বিকেলে উপজেলা জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেন।
এদিকে ডোমার ও ডিমলা উপজেলায় প্রথম দফার চাল বিতরণের পর উপকারভোগী বাছাইয়ে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। উপকারভোগীর তালিকায় সম্পদশালী বহু ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় ডোমারের হরিণচড়া ইউপির চেয়ারম্যান আজিজুল হক, সাবেক ইউপি সদস্য আহসান হাবিবসহ দুই সম্পদশালী উপকারভোগীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে দুটি উপজেলার উপকারভোগীর তালিকা সংশোধনের কাজ শুরু করেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডোমার উপজেলা খাদ্য কর্মকর্তা মৃত্যুঞ্জয় রায় বর্মণ বলেন, ‘১০টির মধ্যে ৫টি ইউনিয়নের সংশোধিত তালিকা পেয়েছি। উপজেলা কমিটির অনুমোদনের পর এ মাসের মধ্যেই বরাদ্দ দেওয়া হবে। তবে বাকি ৫টি ইউনিয়নের উপকারভোগীর তালিকা হাতে না পাওয়ায় এ মাসের বরাদ্দ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন বলেন, ‘কয়েকটি ইউনিয়নের উপকারভোগীর তালিকা ও ডিলার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।’