জলঢাকা-ডোমার সড়কের সম্প্রসারণকাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা-ডোমার পাঁচ কিলোমিটার সড়ক সম্প্রসারণকাজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার জলঢাকা উপজেলার ভাদুর দরগা এলাকায় ওই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা।
নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকী বলেন, ডোমার-জলঢাকা সড়কের বোড়াগাড়ি থেকে ভাদুর দরগা পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক ছিল ১২ ফুট প্রস্থের। পঞ্চগড় থেকে রংপুর পর্যন্ত সড়কটি প্রশস্ত হলেও ওই পাঁচ কিলোমিটার সড়ক প্রশস্ত না হওয়ায় যানবাহন চলাচলে নানা সমস্যা হতো। এ কারণে পাঁচ কোটি টাকা ব্যয়ে আরও ছয় ফুট সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সড়কটির ওই পাঁচ কিলোমিটার ১৮ ফুটে উন্নীত করা হলে পঞ্চগড় থেকে রংপুর ও ঢাকার যানবাহন এই পথে সহজে চলাচল করতে পারবে। এতে পঞ্চগড় থেকে ঢাকার দূরত্ব ৩১ কিলোমিটার কমে সময় বাঁচবে প্রায় ৪৫ মিনিট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, গোলনা ইউপির চেয়ারম্যান কামরুল আলম প্রমুখ।