জলঢাকা শহরে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। একই স্থানে দুটি সংগঠন সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।এলাকাবাসী জানায়, কাবিখার চাল কেনা-বেচাকে কেন্দ্র করে কিছুদিন ধরে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে জাসদ ছাত্রলীগ, জাতীয় যুবসমাজ ও ছাত্রসমাজের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার জাসদ ছাত্রলীগের এক কর্মীকে মারধর করার অভিযোগে জাসদ ছাত্রলীগ, ছাত্রসমাজ ও যুবসমাজ শুক্রবার বিকেলে শহরের জিরো পয়েন্টে সমাবেশ ডাকে। একইভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে একই স্থানে যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশের ডাক দেয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম ভূঞা বলেন, সংঘাত এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।