জলঢাকায় আগুনে ৪০ ঘর পুড়ে ছাই
নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি গ্রামে গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বগুলাগাড়ি গ্রামের আলম হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিবেশী রশিদুলের রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে ১৪টি পরিবারের ৪০টি আধা পাকা ও কাঁচা ঘর এবং ঘরে থাকা ধান, চাল, তামাক, আসবাব ও নগদ টাকাসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। রাত পৌনে আটটার দিকে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াছ হোসেন বলেন, গত শুক্রবার পৌরসভার পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০টি কম্বল দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা প্রত্যেক পরিবারকে এক হাজার করে টাকা দিয়েছেন। ইউএনও ত্রাণের ৩০ কেজি চাল, এক হাজার টাকা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদ এক হাজার টাকা করে দিয়েছেন।