জলঢাকায় টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের তালুক গোলনা গ্রামে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গতকাল মঙ্গলবার সংসদ সদস্যসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ত্রাণ বিতরণ করেছে।
শুকনো খাবার থেকে শুরু করে নতুন করে মাথা গোঁজার ঠাঁই তৈরির উপকরণ আছে এসব ত্রাণসামগ্রীর মধ্যে।
গতকাল সকালে নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা, নীলফামারী রেড ক্রিসেন্ট সোসাইটি, প্ল্যান বাংলাদেশ, আরডিআরএস, উপজেলা পরিষদ, গোলনা ইউনিয়ন পরিষদ ও নীলফামারী সরকারি কলেজের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সাংসদ গোলাম মোস্তফা উপস্থিত থেকে ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করেন। এ ছাড়া তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা, সাড়ে ৩৫০ পিস কম্বল বিতরণ করেন।
সাংসদ বলেন, তিনি নিজে ক্ষতিগ্রস্ত এলাকায় সার্বক্ষণিক ত্রাণ তৎপরতা সমন্বয় করছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে।
গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আলম কবীর বলেন, টর্নেডোর আঘাতের ধ্বংসস্তূপ সরাতে গতকাল থেকে সেখানে ১০০ স্বেচ্ছাসেবক কাজ শুরু করেছেন। এঁদের মধ্যে আনসার, ভিডিপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, গতকাল গোলনা গ্রামে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
নীলফামারী সিভিল সার্জন আবদুর রশিদ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় গতকাল মঙ্গলবার থেকে চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিক কাজ করেছে।