জলঢাকায় আ.লীগের কার্যক্রমে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। আট বছর উপজেলা আওয়ামী লীগের কোনো সম্মেলন হয়নি। ইউনিয়নগুলোর ওয়ার্ড কমিটিও গঠন করা হয়নি। এ কারণে বন্ধ রয়েছে সদস্য সংগ্রহ অভিযানও। সেই সঙ্গে নেই কোনো সাংগঠনিক তৎপরতাও।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকা উপজেলা আওয়ামী লীগ এখন আট বছর আগের কমিটির সভাপতি ও সম্পাদকনির্ভর হয়ে পড়েছে। তবে মাথাচাড়া দিয় উঠছে জামায়াত। ১৯৭০ সালের নির্বাচনের পর থেকে আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তা দলটির হাতছাড়া হয়ে যায়। ওই দুই বছর জামায়াতের প্রার্থী মিজানুর রহমান চৌধুরী এই আসনে নির্বাচিত হন। ২০০৮ সালে জাতীয় পার্টি থেকে কাজী ফারুক কাদের এই আসন থেকে নির্বাচিত হন।
সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করার কথা স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা বলেন, এখানে ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলেও দীর্ঘ আট-নয় বছরে আর কোনো সম্মেলন হয়নি। তখন আনছার আলী সভাপতি ও সহিদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁরাই এখন পর্যন্ত কোনো রকমে দল চালাচ্ছেন। জলঢাকায় এখন সেভাবে কোনো সাংগঠনিক তৎপরতা নেই। তাঁরা সংগঠনকে গ্রামমুখী করতে পারেননি। এমনকি তাঁরা (সভাপতি-সম্পাদক) সদস্য সংগ্রহ ফরমও আনেন না।
অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী বলেন, ‘আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। আমার আগে এখানে আওয়ামী লীগের কমিটিতে যাঁরা ছিলেন, তাঁদের দুর্বলতার কারণে আমরা সাংগঠনিকভাবে পিছিয়েছি। এখন দলের কার্যক্রম সুন্দরভাবে চলছে।’ তিনি আরও বলেন, ২০০৫ সালে এখানে সর্বশেষ সম্মেলন হয়েছে। সদস্য সংগ্রহ বই আনতে এখন টাকা লাগে, এ কারণে আনা হয়নি।
আনছার আলী অভিযোগ করেন, বর্তমান সাংসদ এলাকায় থাকেন না। মাঝেমধ্যে এখানে আসেন। তাঁকে ভুল বুঝিয়ে জামায়াতের লোকজন সুবিধা নিচ্ছেন। মহাজোটের বদলে জামায়াতকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন।
নীলফামারী জেলায় জামায়াতের বিশেষ কোনো তৎপরতা নেই। কিন্তু জলঢাকা উপজেলায় আওয়ামী লীগের দুর্বলতার পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠছে জামায়াত-শিবির। চলতি বছরের ২ মার্চ উপজেলার রাজার হাট এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সহিংসতা চালানোর চেষ্টা করে জামায়াত-শিবির। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আতিকুর রহমান নামে শিবিরের এক কর্মী নিহত হন। একইভাবে ২৫ অক্টোবর বিকেলে জামায়াত-শিবির লাঠিসোঁটা হাতে নিয়ে জলঢাকায় মিছিল বের করে সহিংসতা শুরু করে। ওই দিন সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মোসলেম উদ্দিন (২৮) নামে শিবিরের আরেক কর্মী নিহত হন।