জলঢাকায় গাড়িচালক নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা চেয়ারম্যানের গাড়িচালক নিয়োগ নিয়ে অনিয়মের আশঙ্কা করা হয়েছে। এ ব্যাপারে দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন, সাবেক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল জলিল মণ্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহকারী সামসুদ্দোহা। তাঁদের বিরুদ্ধে অর্থ দাবি, লাঞ্ছিত করাসহ বিভিন্ন অভিযোগ তুলে সোমবার দুপুরে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়। এক প্রার্থীর মা এ মামলা করেন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (বর্তমানে নীলফামারীতে বদলি হওয়া) তাঁর বিরুদ্ধে মামলার বিষয়ে কিছু জানেন না। তিনি ওই নিয়োগ কমিটির কেউ নন, নিয়োগ সম্পর্কে কিছু জানেন না বলেও জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালত ২৮ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। মামলার বাদী আরজিনা বেগম। তিনি জলঢাকার মাথাভাঙ্গা এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুমের স্ত্রী। মামলার বিবরণে জানা যায়, ৭ এপ্রিল জলঢাকা উপজেলা চেয়ারম্যানের গাড়িচালক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেন তিন প্রার্থী। তাঁদের মধ্যে আরজিনা বেগমের ছেলে আবদুস সালাম প্রথম স্থান অধিকার করেন। কিন্তু নিয়োগ কমিটির অন্য সদস্যদের জোগসাজশে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সালামকে নিয়োগ না দিয়ে উপজেলা চেয়ারম্যানের পছন্দের এক প্রার্থীকে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছেন। ৮ এপ্রিল দুপুরে আরজিনা বেগম বিষয়টি সম্পর্কে জানতে স্থানীয় টুটুল ও লিপন নামের দুজনকে নিয়ে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যান। এ সময় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং লাঞ্ছিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘আমি এখনো মামলাসংক্রান্ত কোনো কাগজ পাইনি।’ কাগজ না পাওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।