জলঢাকায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় গত মঙ্গলবার রাতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। এ সময় ২০টি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। উপজেলার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী কৈমারী ইউনিয়নের ফতেপাড়া গ্রামের নুরুদ্দিনের ছেলে হাজিরুল (২০) প্রায় আট মাস আগে বানিয়াপাড়ার একটি হিন্দু পরিবারের মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করেন। এ নিয়ে হাজিরুলদের সঙ্গে ওই পরিবারের দ্বন্দ্ব চলছিল। গত রোববার সকালে সংখ্যালঘু সম্প্রদায়ের এক কিশোরী হাজিরুলের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আনে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে মঙ্গলবার বিকেলে সালিস বৈঠক বসে। সেখানে জলঢাকা থানার দুজন কনস্টেবলসহ উপপরিদর্শক (এএসআই) আতাউর রহমান উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালে তর্কবিতর্কের একপর্যায়ে হাজিরুলের লোকজনের সঙ্গে সংখ্যালঘুদের সংঘর্ষ বেধে যায়।সংখ্যালঘুদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাজিরুল তাঁর লোকজন নিয়ে পুলিশের উপস্থিতিতে ২০টি পরিবারের ওপর হামলা চালান। তাঁরা এসব পরিবারের সাতটি গরু, ১০টি ছাগল, ২৫০ মণ ধান, লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও আসবাব লুট করেন। জানা গেছে, উভয় পক্ষের নারী-পুরুষসহ ৫০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে মিলন চন্দ্রকে (৪০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরিতোষ (২৮), মহনলাল (২৮), টন্না অধিকারী (৫০), চাটাই রানী (২৭), কাল্ঠু বর্মণ (৬৫) ও নিবাস চন্দ্রকে (২৫) জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জলঢাকা থানার উপপরিদর্শক আতাউর রহমান গতকাল রাতে জানান, নারীঘটিত বিষয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ সংঘর্ষ থামাতে চেষ্টা করছে এবং আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে। জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন দাবি করেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীরা সবাই জামায়াত ও শিবিরের কর্মী-সমর্থক।’ তবে উপজেলা জামায়াতের আমির আবদুল গনি বলেছেন, এর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো যোগসূত্র নেই। গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হক বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেনি। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।