জলঢাকায় বিএনপির তিন সভাস্থলে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় বিএনপির বিবদমান দুটি পক্ষের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে গতকাল শনিবার তিনটি সভাস্থলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। জলঢাকায় সমাবেশ করতে না পেরে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিরোধী দলকে দমিয়ে রাখতে সরকার ১৪৪ ধারা জারি করেছে। আর প্রশাসন বলছে, জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টায় জলঢাকা ট্রাফিক মোড়ে সমাবেশের ডাক দেয় উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের পক্ষ। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমানের উপস্থিত থাকার কথা ছিল। গতকাল উপজেলা বিএনপির অপর পক্ষের সভাপতি হামিদুর রহমানের নেতৃত্বে একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকা হয়। তাদের সমাবেশেরও প্রধান অতিথি মিজানুর রহমান। এ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় জলঢাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার হোসেন শুক্রবার রাত সাড়ে ১০টায় সমাবেশস্থলসহ আশপাশের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেন, যা গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত বলবৎ ছিল।এ অবস্থায় জাহাঙ্গীরের পক্ষ কৈমারী ইউনিয়নের বড়ঘাট এলাকায় সমাবেশের ডাক দেয়। হামিদুরের পক্ষ জলঢাকা সড়কের বড়ঘাটে যাওয়ার পথে জলঢাকা পৌর এলাকার রাজারহাট এলাকায় সমাবেশের ডাক দেয়। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে হামিদুলের পক্ষের লোকজন রাজারহাটের অদূরে জলঢাকা উপজেলার খুঁটামারা ইউনিয়নের টেংগনমারী বাজারে প্রধান অতিথিকে অভ্যর্থনা জানানোর জন্য জড়ো হতে থাকে। এতে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বেলা সোয়া ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেনের নির্দেশে সহকারী ভূমি কর্মকর্তা রুবায়েত খান ১৪৪ ধারা জারি করেন। এ অবস্থায় হামিদুলের পক্ষের লোকজন এবং জলঢাকা পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল কবিরের লোকজন বড়ঘাটের দিকে এগোতে থাকে। সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপুর সোয়া ১২টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়।ইউএনও সারোয়ার হোসেন জানান, জানমালের নিরাপত্তার স্বার্থে শনিবার তিনটি সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়।জলঢাকায় সমাবেশ পণ্ড হওয়ার পর গতকাল বিকেলে নীলফামারী শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে হামলা, মামলা ও ১৪৪ ধারা জারি করে সমাবেশে বাধা দিচ্ছে। এ সময় জেলা বিএনপির সভাপতি আহসান আহম্মেদ, সাধারণ সম্পাদক সামসুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলমগীর সরকার, জহুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।