জলঢাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
নীলফামারীর জলঢাকায় গতকাল শুক্রবার উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বর্ধিত সভা পণ্ড হয়ে গেছে। সংঘর্ষের সময় সভামঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত হন। পুলিশ বিএনপির আট নেতা-কর্মী ও ১৪টি মোটরসাইকেল আটক করেছে।ঘটনার পর জেলা বিএনপির আহ্বায়ক আনিছুল আরেফিন চৌধুরী ও সদস্যসচিব সামছুজ্জামানের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জলঢাকা বিএনপি এবং সব সহযোগী ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার কথা জানানো হয়েছে। দলীয় সূত্রমতে, গতকাল জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভার দিন ছিল। জলঢাকা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় শুরু হয় পৌর বিএনপির বর্ধিত সভা। সভা শুরুর আগে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ও তাঁর সমর্থকেরা সভার কার্ড না পাওয়ায় অভিযোগ তুলে কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় বর্ধিত সভায় উপস্থিত হন প্রধান অতিথি আনিছুল আরেফিন চৌধুরীসহ দলের নেতারা। পৌর বিএনপির আহ্বায়ক মঈনুল ইসলামের সভাপতিত্বে সভা শুরুর পর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমজাদ হোসেন তাঁর বক্তব্যে চেয়ার-টেবিল ভাঙচুরকারীদের বিচারের দাবি করেন। এ সময় মঞ্চে থাকা জেলা বিএনপির সদস্যসচিব সামছুজ্জামান তাঁর কাছ থেকে মাইক কেড়ে নিয়ে সাংগঠনিক বক্তব্য দিতে বলেন। সঙ্গে সঙ্গে মঞ্চে এলোপাতাড়িভাবে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর লোকজন সভায় হামলা চালালে জলঢাকা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর ফাহমিদ কমেট চৌধুরীকে চড় মারেন। এরপর জলঢাকা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ও বিএনপির নেতা আহমেদ সাইদ চৌধুরী ও ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর বাবুর পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে কমেট চৌধুরী সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে ২৫ জন আহত হন।জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে আটজন ও ১৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, দলের একটি সুযোগসন্ধানী চক্র পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।