জলঢাকায় মন্দিরের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের শত বছরের পুরোনো কেন্দ্রীয় দুর্গা মন্দিরের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে হিন্দুধর্মাবলম্বীরা।

উপজেলা শহরের জিরো পয়েন্টে গতকাল রোববার বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়।

এ সময় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এসে কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জলঢাকা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ পরেশ চন্দ্র রায়, তুলিপ চন্দ্র রায়, কুলো চন্দ্র রায়, অবিনাশ চন্দ্র রায়, হিরম্ব কুমার রায় প্রমুখ।

অনিল চন্দ্র রায় অভিযোগ করেন, ১৩ শতক জমির ওপর প্রতিষ্ঠিত ওই মন্দিরের ৬ শতাংশ জমি দখল করে শহরের কলেজপাড়া মহল্লার প্রদীপ কুমার রায় ও সন্তোষ কুমার রায় দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। শুধু তা-ই নয়, তাঁরা ওই মন্দিরের জায়গায় প্রতিনিয়ত আবর্জনা ফেলে আরও জমি দখলের পাঁয়তারা করছেন। এতে মন্দিরের পবিত্রতা যেমন নষ্ট হচ্ছে, তেমনি জায়গা-সংকটে পূজা-অর্চনায় সমস্যায় পড়ছেন ভক্তরা। বিষয়টি প্রশাসনকে জানানো হলে তদন্ত করে ওই অবৈধ স্থাপনা সরানোর নোটিশ দিলেও দখলদারেরা তা কর্ণপাত করছেন না। ওই অবৈধ স্থাপনা প্রশাসনিক হস্তক্ষেপে উচ্ছেদ করে মন্দিরের জমি দখলমুক্ত করার দাবি জানান তাঁরা।

তবে দখলের অভিযোগ অস্বীকার করে প্রদীপ কুমার রায় ও সন্তোষ কুমার রায় বলেন, ‘আমরা মন্দিরের জমি দখল করিনি। হাটের জায়গায় দোকানঘর নির্মাণ করে হোটেলসহ বিভিন্ন ব্যবসা করছি।’