জলঢাকায় সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
নীলফামারীর জলঢাকা উপজেলার মিরগঞ্জ-ডিয়াবাড়ী সড়কের ছাগলদানী সেতু ভেঙে গত বৃহস্পতিবার একটি ট্রাক খাদে পড়ে যায়। এরপর থেকে ওই পথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ছাগলদানী সেতুর ওপর দিয়ে বৃহস্পতিবার বিকেলে একটি খালি ট্রাক যাচ্ছিল। এ সময় সেতুটি বিধ্বস্ত হয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গত শুক্রবার সকালে ট্রাকটি খাদ থেকে তোলা হয়। তবে এখনো ওই সড়ক দিয়ে যোগাযোগ বন্ধ রয়েছে।
শিমুলবাড়ি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা মো. লাবলু ইসলাম বলেন, সেতুটি বিধ্বস্ত হওয়ার পর থেকে উপজেলার মীরগঞ্জ, শিমুলবাড়ি, ধর্মপাল ও গোলনা ইউনিয়নের সঙ্গে ওই পথের যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই পথে চলাচলকারী চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সেতুটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও পুরোনো এই সেতুটির ওপর দিয়ে এত দিন ভারী যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার খালি ট্রাকটি ওঠার পর সেতুটি বিধ্বস্ত হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হারুন আর রশীদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সেতুটি যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় আমরা সেতুর দুই পাশে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার সাইনবোর্ড দিয়েছি। নিষেধাজ্ঞা অমান্য করায় সেতুটি বিধ্বস্ত হয়েছে। মীরগঞ্জ ও শিমুলবাড়ি ইউপির চেয়ারম্যানদের বলা হয়েছে সেখানে বাঁশের সাঁকো করে দিতে। যাতে মানুষ হেঁটে চলাচল করতে পারেন। সেতুটি নির্মাণে দরপত্র প্রক্রিয়াধীন আছে, ৩০ নভেম্বর দরপত্র গ্রহণ করা হবে।’