জলদস্যু-ডাকাত আতঙ্কে সারিয়াকান্দির চরাঞ্চলবাসী
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চরের লক্ষাধিক মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। নদীতে জলদস্যু আর ডাঙায় ডাকাতের দৌরাত্ম্যের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় তারা এখানে একটি পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের জোর দাবি জানিয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চালুয়াবাড়ি, কাজলা, কর্নিবাড়ি, বোহাইল, হাটশেরপুর (আংশিক) ও সারিয়াকান্দি সদর ও চন্দনবাইশার কিছু অংশ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। যমুনার চর হিসেবে পরিচিত এসব এলাকায় লক্ষাধিক লোকের বসবাস। এসব চর ও নৌপথে পুলিশের কোনো নজরদারি না থাকায় প্রায়ই চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। ধান কাটার মৌসুমে চরাঞ্চলে লাঠিয়াল বাহিনীর তৎপরতা বেড়ে যায়। ধান ও ঘরের মালামাল লুটপাটে বাধা দেওয়ায় প্রতিবছর স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।সারিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ২৩ জানুয়ারি জামালপুরের লাঠিয়াল বাহিনীর সদস্যরা মানিকদাইড় চরে হামলা চালিয়ে ১২৬টি বাড়ি পুড়িয়ে দেয় এবং মালামাল লুটপাট করে। এই ঘটনার পর সেখানে অস্থায়ীভাবে তিন মাস পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। ২০০৫ সালের ডিসেম্বরে ধারা বর্ষার চরে জামালপুরের লাঠিয়াল বাহিনী ধান কেটে নিয়ে যায়। লাঠিয়াল বাহিনীর হামলায় সে সময় ২৫ জন আহত হয়।চরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের শেষের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী চরাঞ্চলে নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রতিশ্রুতি দেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এলাকার সাংসদ আবদুল মান্নান চরাঞ্চলে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের জন্য বিষয়টি জাতীয় সংসদে উপস্থাপন করেন। এ জন্য সাংসদ গত বছরের জুনের মাঝামাঝি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।সম্প্রতি অনুষ্ঠিত সারিয়াকান্দি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় চরবেষ্টিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা চরাঞ্চলে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের বিষয়টি নতুন করে তুলে ধরেন।সভায় বোহাইল ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, চর এলাকায় লাঠিয়াল বাহিনী বোরো ও আমন মৌসুমে কৃষকের ধান কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলেই সংঘর্ষ বাধে। হতাহতের ঘটনাও ঘটে। গত বৃহস্পতিবার যমুনা নদীতে গরুবোঝাই কয়েকটি নৌকায় ডাকাতি হয়েছে। ডাকাতদল গরু ব্যবসায়ীদের ১০ লক্ষাধিক টাকা, পাঁচটি মুঠোফোন ও একটি নৌকা নিয়ে গেছে।নৌকার মাঝি ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, ডাকাতেরা সুযোগ পেলেই পণ্যবাহী নৌকায় ও চরের বাড়িঘরে হানা দিয়ে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়।হাটফুলবাড়ি চরের বাসিন্দা সেকেন্দার আলী জানান, শুধু রাতে নয়, দিনেও তারা হানা দেয়। ঝামেলা এড়াতে অধিকাংশ ঘটনার বিষয় তাঁরা থানা-পুলিশকে জানান না।বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, জনবলসংকটের কারণে পুলিশের পক্ষ থেকে নৌপথে টহল দেওয়া সব সময় সম্ভব হয় না। তা ছাড়া ঘটনাস্থলে পৌঁছানোও সম্ভব হয় না। পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের বিষয়ে কোনো অগ্রগতি নেই।