জলদস্যু প্রতিরোধের ব্যবস্থা নিয়ে বাংলাদেশি সেই জাহাজ এমভি জাহান মণি গত সোমবার বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে ওমানের সালালাহ বন্দর থেকে গ্রিসের তিসালোনস্কি বন্দরের উদ্দেশে যাত্রা করেছে। ইন্দোনেশিয়ার তানজুন বন্দর থেকে তোলা ৪৩ হাজার মেট্রিক টন নিকেল আকরিক নিয়ে জাহাজটি গ্রিসে যাচ্ছে।ইন্দোনেশিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগরের ভারত উপকূলে জাহান মণি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। প্রায় ১০০ দিনের জিম্মিদশা থেকে জাহাজ ও নাবিকেরা মুক্তি পেয়ে ১৯ মার্চ সালালাহ বন্দরে আসেন। এখানে আগের নাবিকদের নামিয়ে নতুন ২৬ জন বাংলাদেশি নাবিককে জাহাজে তোলা হয়। তাঁরাই এখন জাহাজটি নিয়ে গ্রিসে যাচ্ছেন।সালালাহ বন্দরে অবস্থানরত জাহান মণির মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মহাব্যবস্থাপক মো. মেহেরুল করিম মুঠোফোনে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘জলদস্যুদের হামলা প্রতিরোধে জাহাজে একটি ছোটখাটো দুর্গ (সিটাডেল) বানানো হয়েছে। হামলা হলে সব নাবিকেরা এই দুর্গে অবস্থান নিয়ে উপগ্রহ ফোন ও ভিএইচএফের সহায়তায় আশপাশের নৌবাহিনীর সহায়তা নিতে পারবেন। পর পর পাঁচটি লোহার দরজা ভেঙে এই দুর্গে ঢুকতে জলদস্যুদের অন্তত দুই দিন লাগবে।সূত্র মতে, জলদস্যুরা জাহান মণিতে আবার হানা দিলেও যাতে সহজে জাহাজের নিয়ন্ত্রণ নিতে না পারে, সেজন্য জাহাজের ইঞ্জিন রুমকে দুর্গে পরিণত করা হয়। এ জন্য ইঞ্জিন রুমে যাওয়ার পর্যায়ক্রমিক পাঁচটি দরজায় ওয়েলিং করে লাগানো হয়েছে জাহাজ তৈরির সমান পুরুত্বের (আট মিলিমিটার) লোহার প্লেট। বেতার যোগাযোগব্যবস্থায় আনা হয়েছে কিছু পরিবর্তন। এ জন্য জাহান মণিকে এক সপ্তাহের বেশি সালালাহ রাখা হয়।সর্বশেষ খবরে জানা গেছে, ঘণ্টায় প্রায় ১০ নটিক্যাল মাইল বেগে জাহান মণি ইয়েমেনের সমুদ্রসীমা ধরে দক্ষিণ-পশ্চিমের এডেন উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। সোমালিয়ার উপকূলসংলগ্ন এডেন উপসাগর জলদস্যু-উপদ্রুত জায়গা হিসেবে চিহ্নিত। এ কারণে এডেন সাগরে ঢোকার সময় জাহান মণির জন্য ইউরোপীয় ইউনিয়নের যৌথ যুদ্ধজাহাজের সহায়তা চাওয়া হয়েছে।