জলদস্যু বাহিনীর ১৪ জন আটক অস্ত্র-বোমা উদ্ধার
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জসংলগ্ন শ্যামনগর উপজেলার গাগরামারী এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে বনদস্যু লুৎফর বাহিনীর দ্বিতীয় প্রধান মোজাফফরসহ ১৪ জন বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ১৪টি দেশীয় অস্ত্র, পাঁচটি বোমা এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের মো. মোজাফফর, মো. আরজ আলী, গাজনা গ্রামের মুর্শিদ আলী সরদার, ভাঙ্গানমারি গ্রামের মো. বাবুরালি গাজী, কাজলা গ্রামের মো. ইসরাফিল গাজী, নলতা গ্রামের আবদুস ছামাদ সরদার, আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের আবদুস ছালাম, আবদুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, মো. আমিরুল ফকির, শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের সিদ্দিক আলী, সাতক্ষীরা সদর উপজেলার কুকরালি গ্রামের আবু মুছা, আবদুল মোমিন এবং দেবহাটা উপজেলার পলগাদা গ্রামের কুটু আলমগীর।
কয়রা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, বুধবার রাত থেকে সুন্দরবনসংলগ্ন গাগরামারী এলাকার একটি বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে বনদস্যু লুৎফর বাহিনী অবস্থান করেছে। এর ভিত্তিতে গতকাল ভোর সাড়ে চারটার দিকে শ্যামনগরের গাগরামারী এলাকার আবদুস ছাত্তার খাঁর বাড়িতে তাঁরা অভিযান চালান। এ সময় ওই বাড়ি থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়।