জলদস্যু শেকা বাহিনীর প্রধান শেখ ফরিদ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন ও দুর্গম চর আবদুল্লাহ ইউনিয়নের চরগজারিয়া-তেলিরচরের দুর্ধর্ষ জলদস্যু শেকা বাহিনীর প্রধান শেখ ফরিদকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গত বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের আলেকজান্ডার বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ধর্ষ জলদস্যু শেকা বাহিনী মেঘনা নদীর মোহনায় রামগতি-হাতিয়া চ্যানেল এবং শাহবাজপুর চ্যানেলে দীর্ঘদিন ধরে মাছ ধরার ট্রলারে ডাকাতি করছিল। ডাকাতি, খুন, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে রামগতি থানায় চারটি মামলা রয়েছে।
স্থানীয় চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, শেখ ফরিদ এবং তাঁর বাহিনীর সদস্যরা গত দুই মাসে চরগজারিয়া ও তেলিরচরে ১০টি ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন।