জলদস্যু সন্দেহে ১০ জেলে গ্রেপ্তার, নির্দোষ দাবিপরিবারের
বরগুনার পাথরঘাটার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদের মোহনা থেকে জলদস্যু সন্দেহে ১০ জেলেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গত রোববার বিকেলে একটি ট্রলারে ধাওয়া করে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে তাঁদের নির্দোষ বলে দাবি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাসির উদ্দিন, শাহাদাত হোসেন, জাকির সিকদার, শুক্কুর আলী বেপারী, দুলাল খান, নবী হোসেন মীর, ইউসুফ আলী, বাবুল খাঁ, রাসেল ও বেলাল হোসেন। তাঁদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া, ছোট টেংরা ও তাফালবাড়িয়া গ্রামে। কোস্টগার্ডের তালতলী উপজেলার নিন্দ্রা ছকিনা স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার শহিদুল ইসলাম জানান, রোববার বেলা তিনটার দিকে খবর পেয়ে সাগরের হরিণবাড়িয়া থেকে এফবি মায়ের দোয়া নামের ওই ট্রলারটিকে ধাওয়া করা হয়। এ সময় এটি নিয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিকেল পাঁচটার দিকে বঙ্গোপসাগরসংলগ্ন পায়রা, বিষখালী ও বলেশ্বর নদের মোহনা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চারটি রামদা উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রলারের মাঝি বাদশা মিয়া নদীতে লাফিয়ে পালিয়ে যান।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ডাকাত সন্দেহে ১০ জেলেকে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড তাঁদের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগে মামলা করেছে।
বরগুনা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি প্রথম আলোকে বলেন, তাঁদের বিরুদ্ধে জলদস্যুতার কোনো সংশ্লিষ্টতা নেই। তাঁরা সবাই সাধারণ জেলে।