জলদস্যুতায় আতঙ্কিত জেলেরা ঘাটে বাঁধা ট্রলারের সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুতুবদিয়ায় জলদস্যুদের হাতে ২৭ জেলে নিহত হওয়ার পর জেলেরা সাগরে যেতে ভয় পাচ্ছেন। এ কারণে বাঁশখালী ও চট্টগ্রামে মাছ ধরার হাজার হাজার ট্রলার অলস সময় পার করছে। তবে পেটের দায়ে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যাচ্ছেন বলে জানা গেছে।দেখা গেছে, মাছ ধরার ভরা মৌসুমে বাঁশখালী ছাড়াও নগরের ফিসারিঘাট, ব্রিজঘাট, সদরঘাটে এখন মাছ ধরার হাজার হাজার ট্রলার নোঙর করে রয়েছে। চট্টগ্রামে নিয়মিত আসা-যাওয়া করে এ রকম চার হাজার ট্রলার রয়েছে বলে জানা গেছে।ফিসারিঘাটে অবস্থানরত এফবি তানিয়ার মাঝি রফিক বলেন, ‘আতঙ্কে আছি। যাব কি যাব না, বুঝতে পারছি না। মালিক বলছেন সাগরে যাওয়ার জন্য।’ সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মো. আমিনুল হক সরকার বলেন, ‘আতঙ্ক ভর করেছে মাঝিমাল্লাদের ওপর। তার পরও পেটের দায়ে কেউ কেউ ঝুঁকি নিয়ে যাচ্ছেন। কিন্তু এখন ঘাটে কোনো ট্রলার থাকার কথা ছিল না।’জানা গেছে, গত ২৪ ও ২৫ মার্চ সাগরে মাছ ধরতে গিয়ে বাঁশখালীর তিনটি ট্রলার কুতুবদিয়ার জাহাজখাড়ি নামক স্থানে জলদস্যুদের কবলে পড়ে। তিনজন মাঝিমাল্লা একটি ট্রলার নিয়ে ফিরে আসতে পারলেও বাকি ২৮ জন নিখোঁজ হন। পরে এপ্রিলের প্রথম সপ্তাহে সাগর থেকে রশি বাঁধা অবস্থায় ২৭ জনের লাশ উদ্ধার করা হয়। গতকাল কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কে এস হোসেন বাঁশখালীতে স্থানীয় প্রশাসন ও জেলেদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি জলদস্যুদের দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন। বাঁশখালীর শেখেরখিল ফাঁড়ির মুখঘাট এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঘাটে অনেক ট্রলার বাঁধা ছিল। বাঁশখালী ট্রলার মালিক সমিতির সভাপতি এয়ার আলী বলেন, ‘প্রশাসন আমাদের আশ্বাস দিচ্ছে। এখন আমরা কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের পাঠাই? দস্যুতার ঘটনা নতুন নয়। কিন্তু এবারের ঘটনা খুব ভয়াবহ।’