জলদস্যুদের উপদ্রব বন্ধ ও বিদ্যুতের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের উপদ্রব রোধ ও পাঁচ মেগাওয়াট বিদ্যুতের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে মৎস্যবন্দর মহিপুরের শত শত জেলে, ব্যবসায়ী মানববন্ধন করেছেন। মহিপুর ও আলীপুর মৎস্যবন্দর ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মানববন্ধন করা হয়। সমিতির সভাপতি ফজলু গাজী জানান, সাগরে জেলেদের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি তাঁদের প্রাণের দাবি। মৎস্যশিল্পকে বাঁচাতে হলে এই দুটি দাবি সরকারকে পূরণ করতে হবে।মৎস্যবন্দর মহিপুরের আবদুল করিম মৃধা আইচ প্লান্টের মালিক আবদুল গাফফার মৃধা জানান, খুলনা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে ২১ থেকে ২৬টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে দশমিক ২ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করে মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরে সরবরাহ করলে এখানকার বরফশিল্প ও মৎস্যশিল্পকে বাঁচানো সম্ভব। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সমুদ্রে অপহরণের শিকার হওয়া জেলেদের স্বজনেরাও মানববন্ধনে অংশ নেয়। জলদস্যুদের গুলিতে নিহত জেলে ফারুক মুন্সির বাবা ইসমাইল মুন্সি বলেন, ‘সাগরে মোর পোলায় মাছ ধরতে যাইয়া ডাহাইতের গুলিতে মরছে। সরকার যদি মোগো নিরাপত্তা বড়াইয়া দেলে সাগরে মাছ ধরতে জাইল্যাগো ভয় থাকত না।’