জলদস্যুদের কবল থেকে দেশে ফিরলেন আরেক নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের শিকার জার্মানির পতাকাবাহী এমটি মারিডা মারগুয়েরাইট জাহাজে থাকা আরেক বাংলাদেশি জাফর ইকবাল গতকাল সোমবার দেশে ফিরেছেন। সোমালিয়ার উপকূলে জলদস্যুদের কাছে আট মাস জিম্মি থাকার পর গত ২৮ ডিসেম্বর মুক্তি পান তিনি ও আরেক বাংলাদেশি গিয়াসউদ্দিনসহ ওই জাহাজের ২২ জন নাবিক। গতকাল বিকেল তিনটায় ওমান এয়ারের উড়োজাহাজে করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাফর ইকবাল। এর আগে গত শনিবার দেশে ফেরেন গিয়াস উদ্দিন।জাফর ইকবালের ভাই সরোয়ার বাবু জানান, ভাই দেশে ফেরায় তাঁদের দীর্ঘ আট মাসের উৎকণ্ঠার অবসান হয়েছে। ভাইকে কাছে পেয়ে তাঁরা খুবই আনন্দিত।জাফর ইকবাল ওই জাহাজে চিফ অফিসার বা প্রধান কর্মকর্তার পদে নিয়োজিত ছিলেন। গত বছরের ৮ মে জাহাজটি ভারতের মুম্বাই থেকে বেলজিয়াম যাওয়ার পথে এডেন উপসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। জাহাজের ২২ নাবিকের মধ্যে এই দুই বাংলাদেশিও ছিলেন। জাহাজের মালিক প্রায় ৫৫ লাখ মার্কিন ডলার (সাড়ে ৩৮ কোটি টাকা) মুক্তিপণ দিলে গত ২৮ ডিসেম্বর জাহাজটি ছেড়ে দেয় জলদস্যুরা।