জলদস্যুদের দৌরাত্ম্যে বিপন্ন ফেনীর মৎস্যজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের মোহনায় ফেনী নদী থেকে সন্দ্বীপ চ্যানেল পর্যন্ত জলদস্যুদের দৌরাত্ম্যে হুমকির মুখে পড়েছে প্রায় সাড়ে তিন হাজার মৎস্যজীবীর জীবন-জীবিকা। চাঁদা দেওয়ার পরও হত্যা, অপহরণ আর মাছ লুটের ঘটনা ঘটছে। গত ২৯ জুলাই কোস্টগার্ডের কাছে পাঁচ সদস্যের একটি জলদস্যু দল ধরা পড়ার পর তাদের একজনকে পিটিয়ে মেরেছেন বিক্ষুব্ধ মৎস্যজীবীরা। ওই ঘটনার পর মৎস্যজীবীরা আর মাছ শিকারে যেতে পারেননি। পরিস্থিতি এতটাই প্রতিকূল যে স্থানীয় পুলিশ প্রশাসন ওই এলাকায় স্থায়ীভাবে কোস্টগার্ডের প্রয়োজনীয়তার কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। ধরা পড়া জলদস্যুটি ছিল সন্দ্বীপ চ্যানেলে সবচেয়ে দুর্ধর্ষ আফসার বাহিনীর সদস্য। সোনাগাজীর উপজেলার চেয়ারম্যান কামরুল আনাম প্রথম আলোকে বলেন, তাঁরা কোনোভাবেই মৎস্যজীবীদের নিরাপত্তা দিতে পারছেন না। নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত জেলেরা নিরুপায়। মাছ ব্যবসায়ী আবদুস শুক্কুর জানান, ফেনী নদী থেকে আবদুল্লার চর, সন্দ্বীপ চ্যানেল পর্যন্ত কোস্টগার্ড নেই। মৎস্যজীবীদের ধরে নিয়ে মারধর করে উড়িরচরের কেওড়া বনে তাঁদের ফেলে রাখা হয়। এ অবস্থায় কোনোভাবেই জেলেদের মাছ ধরতে পাঠানো যায় না। মৎস্যজীবী রাখাল জলদাস জানান, এ মৌসুমে এক একটি ট্রলারে কমপক্ষে ২০ কেজি পর্যন্ত মাছ পাওয়া যায়। ভাগ্য ভালো থাকলে এক-দেড় মণ পর্যন্ত মাছ ওঠে। এক দিনে চার-পাঁচ শ টাকা আয় করেন একেকজন মৎস্যজীবী। কিন্তু এ বছর তাঁদের কোনো আয় নেই। পরিবার-পরিজন নিয়ে তাঁরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। পুলিশের সোনাগাজী থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জলদস্যুতার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই এলাকায় সবচেয়ে বেশি তৎপর আফসার বাহিনী। তাঁকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। আফসারের বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র রাখা, লুট ও অপহরণের অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে। স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, এই এলাকায় জলদস্যুদের তৎপরতা বরাবরই ছিল। মৎস্যজীবীরা উড়িরচর, কোম্পানীগঞ্জ স্লুইসগেট এবং মদিনাবাজারে গিয়ে প্রতি মাসে তিনটি দস্যু দলকে চাঁদা দিয়ে আসতেন। আগে বল্টর, জসিম ও তৈয়া বাহিনীকে চাঁদা দিতে হতো। তাদের জায়গায় এখন জাসু ডাকাত, টিপু বাহিনী ও আফসার বাহিনীকে প্রতি মাসে একেকজন ব্যবসায়ী কমপক্ষে ১৫ হাজার টাকা করে চাঁদা দিচ্ছেন। কিন্তু এর পরও জলদস্যুরা মৎস্যজীবীদের আটকে রেখে মুক্তিপণ আদায় ও মাছ লুট করছিল। এ অবস্থায় গত ৩ জুন ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবীরা একটি বৈঠকে বসে সিদ্ধান্ত নেন, স্থানীয় গণ্যমান্য লোকজন পুলিশকে একটি নৌকা কিনে দেবে এবং পুলিশ টহল দেবে। এই ঘটনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জলদস্যুরা বেপরোয়া হয়ে ওঠে। এরপর গত ২৯ জুলাই মিরসরাইতে একটি মাছ ধরার ট্রলারকে আক্রমণ করলে কোস্টগার্ড জলদস্যুদের তাড়া করে ধরে ফেলে। ওই দলে ছিল সোহেল, নিজামুদ্দীন, মো. কালাম, মো. রাশেদ ও মো. শরীফ। এদের মধ্যে মো. শরীফকে এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলে। এই ঘটনার পর বেপরোয়া হয়ে উঠেছে আফসার। আর একজন নাইয়াও নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যেতে পারছেন না। পুলিশ সুপার ইমাম হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নদীতে কিংবা বঙ্গোপসাগরের মোহনায় দস্যুতা ঠেকানোর মতো অবস্থা পুলিশের নেই। এখানে কোস্টগার্ডের বিকল্প নেই। চট্টগ্রাম রেঞ্জে পুলিশের উপমহাপরিদর্শক বরাবর কোস্টগার্ডের প্রয়োজনীয়তার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে ঢাকায় কোস্টগার্ডের পরিচালক (অপারেশনস) ক্যাপ্টেন এম শফিকুল আলম প্রথম আলোকে বলেন, ফেনী নদী থেকে সন্দ্বীপ চ্যানেল পর্যন্ত তাঁদের কার্যক্রম বাড়ানোর কোনো পরিকল্পনা এখনো নেই। তবে এ বছরের জুনে মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে সেখানে একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। এই ক্যাম্প থেকেই অভিযান চালিয়ে ২৯ জুলাই পাঁচজনের জলদস্যু দলটিকে আটক করা হয়। উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের কার্যক্রম শক্তিশালী করতে তাঁরা নতুন ১২টি স্টেশন স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখবেন। জলদস্যু আফসার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি জলদস্যুতার সঙ্গে জড়িত নই। আমি আওয়ামী লীগ করি। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের ওপর গজব নাজিল হবে।’ তবে পুলিশ জানায়, জলদস্যুদের কোনো রাজনৈতিক পরিচয় আছে বলে তারা জানে না।