জলদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের গুলিবিনিময়, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার দুর্গম কালামচরে কোস্টগার্ড সদস্যদের সঙ্গে জলদস্যু বাহিনীর গুলিবিনিময় হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে চরের জঙ্গলীয়ার খালে এ ঘটনা ঘটে।
গুলিবিনিময়ের পর কোস্টগার্ড কালামচরের গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে পাঁচ দস্যুকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি রাম দা, একটি একনলা বন্দুক, একটি দুনলা বন্দুক, একটি কাটা রাইফেল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
আটক দস্যুরা হলেন লক্ষ্মীপুরের রামগতির আবুল কাশেম (২৯), ভোলার মনপুরার হুমায়ুন কবির (২০), ঢাকার পোস্তাগোলার মো. খোকন (৪৫), নারায়ণগঞ্জের দৌলতপুরের তোফাজ্জল হোসেন (২২) ও যশোরের মো. লিটন (২২)।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে আসা একদল জলদস্যু হাতিয়ার কালামচরের জঙ্গলীয়া খাল ও আশপাশের বনাঞ্চলে অবস্থান করছে, এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের হাতিয়া ক্যাম্পের কমান্ডার লে. মাহফুজুল ইসলামের নেতৃত্বে একটি দল গতকাল ভোররাতে কালামচরের দিকে যায়।
সকাল আটটার দিকে কোস্টগার্ড সদস্যরা কালামচরের জঙ্গলীয়ার খালে যাওয়া মাত্র দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
একপর্যায়ে কোস্টগার্ড চতুর্দিক থেকে দস্যুদের ঘিরে ফেললে তারা গোলাগুলি বন্ধ করে গভীর জঙ্গলের দিকে ঢুকে যায়। এরপর কোস্টগার্ড গভীর বনের ভেতর তল্লাশি চালিয়ে পাঁচ দস্যুকে আটক ছাড়াও অস্ত্র ও গুলি উদ্ধার করে।
জানতে চাইলে দস্যুদের সঙ্গে গোলাগুলি ও অস্ত্র-গুলি উদ্ধারের কথা নিশ্চিত করেন কোস্টগার্ডের ক্যাম্প কমান্ডার লে. মাহফুজুল ইসলাম। গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, দস্যুদের গুলির জবাবে কোস্টগার্ড নয়টি গুলি ছোড়ে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক দস্যুদের হাতিয়া থানায় সোপর্দ করা হবে।
মেঘনা ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ২০টি জলদস্যু বাহিনী প্রতিনিয়ত হামলা, অপহরণ, মাছ লুটসহ নানা নির্যাতন চালিয়ে যাচ্ছে। এসব দস্যুবাহিনী নদীতে আধিপত্য বিস্তার নিয়ে নিজেরা নিজেরা এবং টহলরত আইনশৃঙ্খলা রক্ষাকারী (কোস্টগার্ড) বাহিনীর সঙ্গেও গোলাগুলিতে লিপ্ত হয়।