জলদস্যুদের হাতে জিম্মি মনপুরা ও হাতিয়া উপকূলের জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলদস্যুদের হাতে জিম্মি হয়ে পড়েছেন ভোলার মনপুরা ও নোয়াখালীর হাতিয়া উপকূলের জেলেরা। মাছ ধরার মৌসুমে চাঁদা না দিলে ট্রলারসহ জেলেদের আটক করে জলদস্যু বাহিনী। বিনিময়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা হয়। মুক্তিপণের অর্থ দিতে না পারলে দ্বীপে জলদস্যুদের আস্তানায় জেলেদের নির্যাতন করা হয়। কখনো জলদস্যু দলের সদস্য হতে বাধ্য করা হয়।সম্প্রতি জলদস্যুদের অত্যাচারের কাহিনী শোনান মনপুরার সাকুচিয়া ইউনিয়নের চর গোয়ালিয়া, জনতাবাজার, মাঝের ঘাট, তালতলা, মাস্টারবাজার ও হাতিয়ার তমরুদ্দিন ইউনিয়নের ক্ষিরদিয়াসহ বিভিন্ন এলাকার জেলেরা। তাঁরা জানান, পুরুষেরা রাতে বাড়িতে ঘুমাতে পারেন না। কোথাও অভিযোগ জানানোর সাহস নেই। অপহরণের ভয়ে এসব তথ্য দেওয়ার সময় নামও বলতে চাননি জেলেরা। এলাকার হাটবাজার, দোকানপাটে কথা বলার সময় সবাই অভিযোগ তোলেন জলদস্যুদের বিরুদ্ধে।জলদস্যুদের আক্রমণের বর্ণনা দিতে গিয়ে চর গোয়ালিয়ার একজন জেলে জানান, মাস খানেক আগে মনপুরার চর নিজামের কাছে ইলিশের জাল ফেলেছিলেন একটি ট্রলারের ১৪ জন জেলে। একপর্যায়ে তিনটি ট্রলারে করে প্রায় ৩০ সদস্যের জলদস্যু বাহিনী এসে ওই ট্রলার ঘিরে ফেলে। প্রাণভয়ে আত্মসমর্পণ করলেও ট্রলারের সব জেলের হাত-পা বেঁধে আস্তানায় নেওয়া হয়। সেখানে তাঁদের মারধর করা হয়। শেষে মুক্তিপণ দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়। জলদস্যুদের আক্রমণের এমনই শিহরণ জাগানো বর্ণনা দেন একই ইউনিয়নের জনতাবাজার ও হাতিয়ার ক্ষিরদিয়া এলাকার জেলেরা। একই কথা জানান মনপুরার জনতাবাজারের কয়েকজন মৎস্য আড়তদার।মুক্তি পাওয়া জেলেরা জলদস্যু আস্তানার বর্ণনা দিতে গিয়ে বলেন, হাতিয়ার জাহাজমারার দক্ষিণে কালামচরে ‘মুন্সিয়া বাহিনীর’ আস্তানা। বনের ভেতরে তাঁবু টানিয়ে আস্তানা বানানো হয়েছে। দলনেতা মুন্সিয়ার পাহারায় সার্বক্ষণিক কয়েকজন জলদস্যু থাকে। সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত মুন্সিয়া থাকে আস্তানায়। স্থানীয় লোকজনের কাছে এটা ‘মুন্সিয়ার আদালত’ বলে পরিচিত। এই আদালতে আটক জেলেদের বিচার হয়। জেলেদের কাছ থেকে চাঁদা সংগ্রহ নিয়ন্ত্রণ করা হয় এই আস্তানা থেকে।অনুসন্ধানে জানা গেছে, প্রতি মৌসুমে তিন-চার মাসের জন্য মাছ ধরতে জেলেদের ট্রলারপ্রতি বিভিন্ন অঙ্কের চাঁদা দিতে হয়। ট্রলারবিশেষে চাঁদার পরিমাণ পাঁচ হাজার থেকে ৩০ হাজার টাকা। শীত ও বর্ষা দুই মৌসুমে পৃথকভাবে চাঁদা দিতে হয়। এর বিনিময়ে প্রতিটি ট্রলারে টোকেন দেওয়া হয়। এতে মেয়াদ উল্লেখ থাকে। এই টোকেন দেখাতে পারলে জলদস্যুদের কবলে পড়বে না মাছধরার ট্রলার। জলদস্যুরা লোকালয়ে ঢুকে ডাকাতিও করছে। মনপুরার সাকুচিয়ার জনতাবাজার, চর গোয়ালিয়া, মাঝের ঘাট, তালতলা, বাতিরখাল, সূর্যমুখী, লতাখালীসহ পার্শ্ববর্তী এলাকার অন্তত ২৫ হাজার মানুষ সারা মৌসুমই জলদস্যুর আতঙ্কে থাকে। সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মারুফ হোসেন খালেককে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল।জেলেদের ওপর জলদস্যুদের আক্রমণের কথা জানিয়ে হাতিয়ার তমরুদ্দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বাবু প্রথম আলোকে বলেন, নোয়াখালী-৬ আসনের সাংসদ ফজলুল আজিম উপকূলে জলদস্যু আতঙ্কের খবর জাতীয় সংসদে উত্থাপন করায় তিন সপ্তাহ তিনি এলাকায় ফিরতে পারেননি। জলদস্যুদের অত্যাচারে জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না। চাঁদা দিয়ে টোকেন নিয়ে জেলেদের মাছ ধরতে যেতে হয়।ভোলার পুলিশ সুপার মো. বশির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জেলেরা জলদস্যুদের হাতে জিম্মি, এমন অভিযোগ আমাদের কাছে আসেনি। হাতিয়ার মুন্সিয়া বাহিনী এ এলাকায় আসার চেষ্টা করে। তবে তাদের তৎপরতা দমনে পুলিশ ও কোস্টগার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে।’