জলদস্যুর আস্তানা থেকে পালিয়ে এলেন দুই জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের জলদস্যু ফেরআউন বেল্লাল বাহিনীর আস্তানা থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন দুই জেলে।
গতকাল মঙ্গলবার ভোরে বলেশ্বর নদ তীরবর্তী বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামে ফিরে আসেন ছগির মাঝি ও জালাল মাঝি নামের দুই জেলে।
ছগির মাঝির বাড়ি পাথরঘাটার পদ্মা গ্রামে এবং জালাল মাঝি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার বাসিন্দা। বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল বিকেলে প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বরগুনা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি বলেন, মুক্তিপণের দাবিতে এফবি খান ট্রলারের ছগির ও এফবি মোল্লা ট্রলারের জালাল মাঝিকে অপহরণ করে জলদস্যু ফেরআউন বেল্লাল বাহিনী। অপহৃত জেলেরা চার মাস ১০ দিন জলদস্যুদের আস্তানায় বন্দী ছিলেন।
গত শনিবার দুপুরে সুন্দরবনে ওই জলদস্যু আস্তানা এলাকায় কোস্টগার্ডের ট্রলার টহল দিতে দেখে জলদস্যুরা সটকে পড়ে। সুযোগ পেয়ে ছগির ও জালাল একটি মাছ ধরা ট্রলারের সহায়তায় পাথরঘাটায় ফিরে আসেন।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার এ এম রাহাতুজ্জামান গতকাল সন্ধ্যায় বলেন, সুন্দরবনে জলদস্যু ফেরআউন বেল্লালের আস্তানায় কোস্টগার্ড পশ্চিম জোন অভিযান চালাচ্ছে।
অভিযানে অপহৃত ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। অভিযানের পর হয়তো ওই দুই জেলে পালিয়ে এসে থাকতে পারেন।