জলদস্যুর হামলায় আহত ৩০ জেলে নিখোঁজ
ভোলার মনপুরা উপজেলার বালিয়াচর এলাকায় সাগর মোহনায় গত শনিবার রাতে চারটি মাছ ধরার ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। দস্যুরা ৫৭ জেলেকে পিটিয়ে-কুপিয়ে নদীতে ফেলে দিয়ে জাল-মাছসহ ট্রলারগুলো ছিনতাই করেছে। আহত জেলেদের মধ্যে ৩০ জন এখনো নিখোঁজ।দস্যুদের কবলে পড়া কয়েকজন জেলে জানান, তাঁরা মাছ ধরে শনিবার রাত আটটার দিকে ফিরছিলেন। পথে জলদস্যু মুন্সিয়া বাহিনী বালিয়াচর এলাকায় মেঘনা নদীতে এমভি মুক্তার মালা, এমভি হানিফ, এমভি মায়ের দোয়াসহ চারটি ট্রলারে হামলা চালায়। তারা এসব ট্রলারের ৫৭ জন জেলেকে কুপিয়ে-পিটিয়ে নদীতে ফেলে দেয়। এর মধ্যে ২৭ জন জেলে কোনো রকমে আশপাশের বিভিন্ন চরে আশ্রয় নেন। আহত জেলেরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।ট্রলার মুক্তার মালার জেলে বশির মাতবর জানান, দস্যুদের প্রতিরোধ করার চেষ্টা চালালে তারা জেলেদের পিটিয়ে-কুপিয়ে নদীতে ফেলে দিয়ে জাল, মাছ, অন্যান্য সরঞ্জামসহ চারটি ট্রলার ছিনতাই করে নিয়ে যায়। জেলে বশির মাতবর আরও জানান, তাঁদের ট্রলারের ২০ জেলেকে কুপিয়ে-পিটিয়ে নদীতে ফেলে দেয় দস্যুরা। এর মধ্যে সাইফুল, হেলাল, রিপন, আফজাল, করিম, আবদুল অদুদসহ ১২ জন নিখোঁজ আছেন।ট্রলার এমভি মায়ের দোয়ার জেলে আবদুল খালেক জানান, দস্যুরা তাঁদের ট্রলারের ১৫ জন জেলেকে কুপিয়ে ও পিটিয়ে নদীতে ফেলে দেয়। এর মধ্যে নূরে আলম, ইব্রাহীমসহ সাতজন এখনো নিখোঁজ।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার বলেন, ‘আমরা চারটি ট্রলারে ডাকাতি এবং ৫৫ জন জেলেকে পিটিয়ে-কুপিয়ে নদীতে ফেলে দেওয়ার খবর শুনেছি।’ কিন্তু সাগর মোহনার ওই এলাকা মনপুরা উপজেলার বাইরে। সেখানে অভিযান চালানোর মতো আমাদের কোনো জলযান নেই।