জলদস্যুরা এবার ডাঙায়, আতঙ্ক জেলেপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার সমুদ্র উপকূলীয় কয়েকটি ইউনিয়নের জেলেপল্লিতে অবস্থান নিয়েছে জলদস্যু বাহিনীর সদস্যরা। তারা ওই সব এলাকায় থেকে সাগরে অপহরণ হওয়া জেলেদের পরিবার ও মালিকের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করছে। এ ছাড়া ওই সব এলাকায় বিভিন্ন ট্রলারমালিক ও জেলেদের দস্যু কার্ড (টোকেন) কিনতে বাধ্য করা হচ্ছে।
স্থানীয় মৎস্যজীবী ও পাথরঘাটা মৎস্য আড়তদার সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিশ মৌসুম সামনে রেখে উপকূলের কয়েক হাজার জেলে সাগরে মাছ শিকারের প্রস্তুতি নিয়েছেন। অনেকে ইতিমধ্যে সাগরে ইলিশ শিকারে রওনা হয়েছেন। কিন্তু বলেশ্বর, পায়রা ও বিষখালী নদীর মোহনায় পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ও চরদুয়ানী মৎস্য উপকেন্দ্রসহ উপজেলার পদ্মা, হরিণঘাটা, চরলাঠিমারা, হাড়িটানা, রুহিতা, বাদুরতলা, টেংড়া, তাফালবাড়িয়া, চরদুয়ানী জেলেপল্লিতে কমপক্ষে ২৫ জন প্রশিক্ষিত তথ্যদাতা জলদস্যুদের হয়ে কাজ করছেন। তারা নৌকার অবস্থান আগেভাগেই পৌঁছে দিচ্ছে দস্যুদের কাছে। ফলে সহজেই দস্যুরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জলদস্যু বাহিনীর মধ্যে জামাল, মনির, সাগর-সৈকত, জাহাঙ্গীর ও নতুন শীর্ষ বাহিনী অন্যতম। তারা ডাঙায় বসে মুক্তিপণ আদায় করছে। পাথরঘাটায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কমপক্ষে সাত-আটজন তথ্যদাতা জলদস্যুদের হয়ে কাজ করে।
জলদস্যুদের তথ্যদাতা রয়েছে স্বীকার করে বিএফডিসির পাথরঘাটা ব্যবস্থাপক সোলায়মান শেখ বলেন, পাথরঘাটায় ইলিশের ভরা মৌসুমে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার মাছ বিক্রি হয়। সাগর ও ডাঙায় জলদস্যুদের আতঙ্ক থেকে জেলেদের মুক্ত রাখতে পারলে তাঁরা নিরাপদে মাছ শিকার করতে পারবেন।
পাথরঘাটা সদর ইউনিয়নের হাতেমপুর গ্রামের জেলে রূপা মল্লিক বলেন, এক মাস আগে বলেশ্বর নদের মোহনা থেকে দস্যুরা তাঁকে অপহরণ করে। পরে তথ্যদাতার মাধ্যমে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা পাথরঘাটায় জেলেপল্লিতে অবস্থান করা দস্যু বাহিনীর কাছে পৌঁছে দেয় তাঁর পরিবার। মুক্তিপণের টাকা পেয়ে দস্যু বাহিনীর সদস্যরা তাঁকে ছেড়ে দেয়।
পাথরঘাটা আড়তদার সমিতির এক সদস্য ও সদর ইউনিয়নের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাথরঘাটার বিভিন্ন ইউনিয়নের জেলেপল্লিগুলোতে অবস্থান নিয়ে দস্যুরা ট্রলারমালিক ও জেলেদের কাছে ৫০ হাজার থেকে এক লাখ টাকায় টোকেন বিক্রি করছে। এই টোকেন নিলে দস্যুরা ট্রলারে থাকা জেলেদের অপহরণ করে না। আগে দু-একটি বাহিনীর টোকেন বিক্রি হতো। এখন উপকূলীয় এলাকায় অবস্থান নেওয়ায় চার-পাঁচটি বাহিনীর টোকেন নিতে বাধ্য করা হচ্ছে। এই টোকেন জেলেপ্রতি ও ট্রলারপ্রতি বিক্রি হয়।
স্থানীয় লোকজন ও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পাথরঘাটা সদর ইউনিয়নের বলেশ্বর নদসংলগ্ন পদ্মা গ্রামের শাহজাহান খান, জামাল হাওলাদার, মনির হোসেন; বিষখালী নদীসংলগ্ন চরলাঠিমারা গ্রামের সোহাগ মোল্লা স্থানীয়ভাবে ওই জলদস্যুদের নেতৃত্ব দিচ্ছেন। তাঁরা ওই সব গ্রামের যুবকদের সংগঠিত করে দস্যুতার কাজে ব্যবহার করছেন। শুধু পাথরঘাটা সদর ও চরদুয়ানী ইউনিয়নেই প্রায় ৫০ জন যুবক তাঁদের নেতৃত্বে দস্যুবৃত্তি করছে।
পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম খান বলেন, দস্যুবৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রাম পুলিশ ও স্থানীয় জেলেদের হাতে আটক ১৩ জনকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়। এদের মধ্যে কয়েকজন এর আগেও অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল। ওই ১৩ জনের মধ্যে বর্তমানে সাতজনই জামিনে মুক্তি পেয়ে আবারও দস্যুবৃত্তিতে নেমেছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, দস্যুতার অভিযোগে শাহজাহান, জামাল, মনির, সোহাগসহ কয়েকজনকে থানায় সোপর্দ করা হলেও তাঁদের বিরুদ্ধে কেউ মামলা দিচ্ছে না। পরে তাঁরা সবাই জামিনে মুক্তি পান।