জলদস্যুরা ফের সক্রিয়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সাত জলদস্যু নিহত হওয়ার পর সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু বাহিনীগুলো বেশ কয়েক মাস কিছুটা নিষ্ক্রিয় থাকলেও এক মাস ধরে তারা সক্রিয় হয়ে উঠেছে। বর্তমানে তারা সুন্দরবন ও সংলগ্ন বঙ্গোপসাগরে বেপরোয়া হয়ে প্রতিশোধমূলক তৎপরতা চালাচ্ছে। এতে জেলে, বাওয়ালি, মৌয়াল এমনকি বন বিভাগের লোকজন পর্যন্ত জিম্মি হয়ে পড়েছেন।জেলে ও ট্রলার মালিকদের সূত্রে জানা গেছে, গত জুলাইয়ে সুন্দরবনকেন্দ্রিক এসব দস্যু বাহিনী প্রায় ১২৫টি মাছ ধরার ট্রলারে হানা দিয়ে লুট করে প্রায় তিন কোটি টাকার মাছ ও অন্যান্য মালামাল। অপহরণ করে ১৫০ জেলেকে। এ সময় দস্যুরা এক জেলেকে কুপিয়ে হত্যা ও গুরুতর জখম করে ২৫ জনকে। বাগেরহাটের শরণখোলা উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল হোসেন ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জলজস্যুদের তাণ্ডবে দক্ষিণাঞ্চলের প্রায় আড়াই লাখ জেলে চরম আতঙ্কে রয়েছে।বরগুনা ও বাগেরহাটের জেলে ও মাছ ব্যবসায়ীরা জানান, পূর্ব সুন্দরবন ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে সাতটি দস্যুবাহিনী সক্রিয় রয়েছে। এসব বাহিনী গামা, আল-আমিন, রাজু, বাঘা, নাছির, সোহাগ ও রুস্তম বাহিনী নামে পরিচিত। এর মধ্যে বাহিনীপ্রধান জুলফিকার ও মোতালেব সম্প্রতি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর বাহিনী দুটির দায়িত্ব নেয় যথাক্রমে গামা ও আল-আমিন।বন বিভাগের একটি সূত্র জানায়, এসব বাহিনীর কাছে সুন্দরবন রক্ষায় নিয়োজিত বন বিভাগের কর্মীরাও জিম্মি হয়ে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবনের একটি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাঁদের ফাঁড়িতে মাত্র চারজন বনরক্ষী রয়েছে। তাই দস্যুদের ভয়ে তাঁদের নামে ইস্যু করা অস্ত্র রেঞ্জ কার্যালয়ে জমা দিয়ে দিয়েছেন।বন বিভাগ সূত্র জানায়, ২০০৯ সালের ১ জুন বনদস্যু জুলফিকার বাহিনী শরণখোলা রেঞ্জের মরাভোলা টহল ফাঁড়িতে হামলা চালায়। এ সময় দস্যুদের এলোপাতাড়ি গুলিতে বনরক্ষী আফছার আলী (৫০) ঘটনাস্থলেই নিহত ও ফাঁড়ি ইনচার্জ শাহ আলম চোখে গুলিবিদ্ধ হন। একই বছরের ৩১ মার্চ খুলনা রেঞ্জের দোবেকী টহল ফাঁড়ির বনরক্ষীদের টহল নৌকায় দস্যুরা হামলা চালিয়ে দুটি চায়নিজ রাইফেল ও ৮০টি গুলিসহ বনরক্ষী জহির উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পর গভীর বন থেকে অপহূত বনরক্ষী জহিরের লাশ উদ্ধার করে বন বিভাগের সদস্যরা।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, লোকবল কম থাকায় জলদস্যুদের মোকাবিলা করা বনরক্ষীদের পক্ষে সম্ভব হয় না। তা ছাড়া বনরক্ষীদের কোনো ঝুঁকি ভাতা না থাকায় তাঁরা আহত হলে চিকিৎসা বা ক্ষয়ক্ষতির কোনো টাকাও বরাদ্দ নেই। তাই সাধারণত দস্যুদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলতে বাধ্য হন বনরক্ষীরা।কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার (অপারেশন) লে. কমান্ডার শরীফ জানান, বর্তমানে সাগরকেন্দ্রিক দস্যুতা হচ্ছে। সাগরে অভিযান চালানোর মতো যানবাহন ও অন্যান্য সামর্থ্য কোস্টগার্ডের না থাকায় নৌবাহিনীর টহল রাখা হয়েছে।