জলদস্যুরা বেপরোয়া অসহায় জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উপকূলীয় এলাকার লক্ষাধিক জেলে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের জিম্মি করে মুক্তিপণ আদায় চলছেই। অবস্থা এতটাই ভয়াবহ যে গত বছর জলদস্যুরা মুক্তিপণ হিসেবে ২৫ কোটি টাকার বেশি আদায় করেছে বলে জানা গেছে। এ সময়ে জলদস্যুদের হামলায় কয়েকজন জেলে প্রাণও হারিয়েছেন।বাগেরহাটের মংলার দুবলার চরসহ সুন্দরবনের বিভিন্ন চরের জেলে ও মহাজনেরা দাবি করেন, শুধু গত তিন মাসে দুবলার চরে আসা দুই হাজার মৎস্য-ট্রলারের জেলেদের জিম্মি করে দস্যুরা প্রায় ১৫ কোটি টাকা আদায় করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগেরহাটের মংলার মতো বরগুনার পাথরঘাটা, ভোলা, সাতক্ষীরার শরণখোলা ও আশাশুনি, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়াসহ উপকূলীয় কয়েকটি জেলার জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়েন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, গত বছরের জুন থেকে জুলাই মাসে দুই শতাধিক জেলেকে অপহরণ করে দস্যুরা মুক্তিপণ আদায় করে। ৫ জুলাই পটুয়াখালীর কলাপাড়া এবং বাগেরহাটের শরণখোলাসংলগ্ন বঙ্গোপসাগরে ৭২টি ট্রলারে গণডাকাতি করে রাজু ও আব্বাস বাহিনী। দস্যুদের গুলিতে নিহত হন এক জেলে। গত বছরের ৫ ও ৬ নভেম্বর রাজু , জুলফিকার ও কৃষ্ণ সাগর বাহিনীর প্রায় শতাধিক সদস্য বঙ্গোপসাগরের ১ নম্বর বয়া থেকে ফেয়ারওয়ে বয়া পর্যন্ত বিশাল এলাকায় জেলেদের কয়েক শ ট্রলারে লুটপাট চালায়। এ সময় দস্যুরা ট্রলারপ্রতি ১০ লাখ আর জেলেপ্রতি এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে ৪০টি মাছ ধরার ট্রলার ও দুই শতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে যায়।ভুক্তভোগী কয়েকজন জেলে জানান, গত বছরের ৩০ ডিসেম্বর সাতক্ষীরার শ্যামনগরের সাত জেলেকে অপহরণ করে মান্নান বাহিনী। মুক্তিপণের টাকা না পেয়ে শমসের গাজী নামে এক জেলেকে তারা গুলি করে হত্যা করে। সর্বশেষ অপহরণের ঘটনা ঘটে ২০ জানুয়ারি। সাগরের ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে জনপ্রতি দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১৭টি ট্রলারসহ বরগুনা ও পাথরঘাটার ১২০ জন জেলেকে অপহরণ করে মোতালিব বাহিনী।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত তিন মাসে তাঁর এলাকার শতাধিক ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় জলদস্যুরা মুক্তিপণের দাবিতে তাঁর এলাকার ৭১০ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। লুট করে নিয়ে যাওয়া ট্রলার ছাড়িয়ে আনতে জলদস্যুদের দুই লাখ এবং প্রত্যেক জেলেকে জিম্মিদশা থেকে মুক্ত করার জন্য এক লাখ টাকা করে দিতে হয়েছে।বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু বাহিনীর সংখ্যা হবে ৮ থেকে ১০টি। এদের মধ্যে জুলফিকার বাহিনীর প্রধান জুলফিকারের বাড়ি জয়মনিঘোলে, রাজু বাহিনীর প্রধান রাজুর বাড়ি আমড়াতলা গ্রামে, মোতালেবের বাড়ি উত্তর চাঁদপাই এবং গামার বাড়ি আমড়াতলা গ্রামে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, জলদস্যু বাহিনীগুলোর সদস্যরা ট্রলার লুট এবং জেলেদের অপহরণ করে সুন্দরবনের গহিনে নিয়ে যায়। তাদের মধ্যে সুন্দরবনসংলগ্ন পশুর নদীর পশ্চিম পাশে ভদ্রা থেকে ধাইনমাড়ি বন বিভাগের কার্যালয় পর্যন্ত রাজু বাহিনী, পশুর নদীর পূর্ব পাশে নারকেলবাড়িয়া, নীলবাড়িয়া থেকে কপিল পর্যন্ত জুলফিকার বাহিনী এবং হিরণপয়েন্টের পর আন্দারবাড়িয়া থেকে রায়মঙ্গল পর্যন্ত মোতালেব বাহিনীর সদস্যরা অবস্থান করে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, বন বিভাগ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিয়ে দস্যুদের দমনে চেষ্টা করে যাচ্ছে। কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার বদরুদ্দোজা বলেন, ‘দস্যুদের তৎপরতা রোধে আমরা অক্টোবর মাসে সুন্দরবনের সুপতি ও কচিখালীতে দুটি ক্যাম্প স্থাপন করেছি। দুবলার চরে আমরা ক্যাম্প স্থাপনের পরিকল্পনা করছি। ওই চরে আমাদের একটি জাহাজ সিজেএস বগুড়া এখন সার্বক্ষণিক টহল দিচ্ছে।’