জলদস্যুরা বেপরোয়া জেলেরা আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বইন্নায় জাল-নৌকা সব গ্যাছে, আবার চাইর লাখ টাকা দাদন আইন্না সাগরে গেছি, হেইহানে ডাকাইতের জ্বালায় টিকতে পারি না। কিনারে দেনা, সাগরে দস্যু, মোরা এহন যামু কই? কিচ্ছু কইতে পারি না।’ পাথরঘাটার বলেশ্বর নদীতীরের পদ্মা গ্রামের জেলে আলীম এমন অসহায়ভাবে বর্ণনা করছিলেন তাঁদের দুর্দশার কথা। সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু বাহিনীগুলোর বেপরোয়া তাণ্ডবে উপকূলের প্রায় দেড় লাখ সমুদ্রগামী জেলের জীবন ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। জলদস্যুদের চাঁদাবাজি, অপহরণ, খুন ও লুটপাটের ঘটনায় প্রায় প্রতিদিন সাগর থেকে নিঃস্ব হয়ে ফিরতে হচ্ছে তাঁদের। সাম্প্রতিক সময়ে জলদস্যুদের গুলিতে সাগরে তিন জেলে নিহত হন। সাগরে দস্যু আর ডাঙায় দেনার বোঝা নিয়ে অনিশ্চতায় ভুগছেন জেলেরা। বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও বাগেরহাটসহ উপকূলের বেশ কয়েকটি এলাকার জেলে ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে তাঁদের এই সংশয়ের কথা জানা গেছে। জেলেরা জানান, ইলিশ মৌসুমের শুরুতে সুন্দরবনকেন্দ্রিক বিভিন্ন জলদস্যু বাহিনীর কাছ থেকে ট্রলারপ্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে নিরাপত্তা টোকেন নিয়েও নিরাপদে মাছ ধরতে পারছেন না। কারণ এক পক্ষের টোকেন থাকলে অন্য পক্ষ এসে ট্রলারে লুটপাট এবং জেলেদের অপহরণ করছে। জলদস্যুদের হাতে এ মৌসুমে তিনবার অপহূত নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানান, জলদস্যু রাজু বাহিনীর সদস্য সংখ্যা ৪০ থেকে ৪৫ জন। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক ভারী অস্ত্রশস্ত্র। প্রায় একই রকম জনবল ও অস্ত্রশস্ত্র নিয়ে সুন্দরবনের পূর্ব বিভাগেই দাপটের সঙ্গে তত্পরতা চালাচ্ছে জুলফিকার বাহিনী। জেলেদের একাধিক সূত্র জানায়, সুন্দরবনসংলগ্ন সাগরের ফেয়ারওয়ে বয়াসহ সংলগ্ন নারকেলবাড়িয়া, পক্ষীদিয়া, চান্দেশ্বর, দরজারখালী; পাথরঘাটার লালদিয়া, কুয়াকাটা, হিরণ পয়েন্ট, কটকা, আলোরকোল, বলেশ্বর-বিষখালী নদীর মোহনা, কচিখালী এলাকায় ওই দুই বাহিনী ব্যাপক তত্পর। পাথরঘাটা জেলে সমিতির সভাপতি আবদুল মন্নান জানান, ইলিশ মৌসুমের শুরুতে প্রত্যেকটি মাছ ধরা ট্রলারকে মোটা অঙ্কের চাঁদার বিনিময়ে বিশেষ টোকেন দেয় দুই জলদস্যু বাহিনী। কিন্তু এ দুই বাহিনীর বাইরে এসব অঞ্চলে সক্রিয় রযেছে কৃষ্ণসাগর, আকাশ বাহিনীসহ আরও অন্তত ১০টি বাহিনী। পাথরঘাটা ট্রলার মালিক সমিতির নেতারা জানান, গত দুই মাসে সুন্দরবনসংলগ্ন সাগরে প্রায় সাড়ে ৩০০ ট্রলারে লুটপাট চালিয়ে কোটি কোটি টাকার জাল, মাছ জ্বালানিসহ মালামাল লুট করে নেয় দস্যুরা। এ সময় প্রায় এক হাজার জেলেকে অপহরণ করে প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পণ আদায় করা হয়। পটুয়াখালীর মহীপুর মত্স্য ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুল হক গাজী বলেন, বঙ্গোপসাগরে এ অঞ্চলের দেড়-দুই লাখ জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। অথচ এই বিপুলসংখ্যক জেলের নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা খুবই দুঃখজনক। কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলীয় কমান্ডার শহিদুল ইসলাম বলেন, ‘জলদস্যুদের দমনে আমাদের প্রচেষ্টা ও আন্তরিকতার কমতি নেই। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সুন্দরবনের কচিখালী ও বরগুনার আশারচর এলাকায় কোস্টগার্ডের দুটি নতুন ঘাঁটি করেছি। এ ছাড়া নিয়মিত টহলের পাশাপাশি বর্তমানে বিশেষ অভিযান অব্যাহত আছে।