কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের লালজানপাড়ার সেতু এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোর চারটায় পুলিশের সঙ্গে জলদস্যু রমিজ বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।এ সময় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় বাহিনীর প্রধান রজিম আহমদ (৪২) ও সহযোগী কাউসারকে (৩৬) অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। দস্যুসম্রাট গ্রেপ্তারের খবরে সমুদ্র উপকূলের জেলেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ভোররাতে জলদস্যু রমিজ বাহিনীর ১২ সদস্য মাছ ধরার ট্রলারে ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন পেকুয়া থানার উপরিদর্শক (এসআই) রেজাউল করিম (২৮), জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) এসআই মো. সোহেল (৩০) ও কনস্টেবল স্বপন কুমার দে (২৫)। তাঁদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছেন দস্যু বাহিনীর প্রধান রমিজ আহমদ ও বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. কাউসার। তাঁদের প্রথমে পেকুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রমিজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানায়, কুতুবদিয়ার বাসিন্দা রমিজের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। এ সময় দুটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, ১২টি গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার প্রথম আলোকে জানান, জলদস্যু রমিজ বাহিনীর সদস্যদের অত্যাচারে সাগরে কয়েক শ ট্রলার মাছ ধরতে পারছে না। মাছ ধরে ফিরে আসার সময় দস্যুরা ট্রলারে লুটপাট চালায়। অন্যথায় হাত-পা বেঁধে জেলেদের সাগরে নিক্ষেপ করে। ২০১০ সালের নভেম্বর মাসে কুতুবদিয়া চ্যানেলে দস্যুসম্রাট রমিজ ১১ জেলেকে হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করেন। সাগরে ডুবে সব জেলের মৃত্যু হয়। কিন্তু তার পরও রমিজ দস্যুতা বন্ধ করেননি। দীর্ঘ দুই বছর পর রমিজ ধরা পড়ায় উপকূলে স্বস্তি ফিরে এসেছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, উভয় পক্ষের সংঘর্ষে ৪০টি গুলিবিনিময় হয়েছে। এ ব্যাপারে দস্যুদের বিরুদ্ধে পৃথক তিনটি (ডাকাতির প্রস্তুতি, পুলিশের ওপর হামলা ও অস্ত্র) মামলা রুজু করা হয়েছে।