
বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলসংলগ্ন দুবলার চরে মাছ আহরণ ও শুঁটকি প্রক্রিয়াকরণ মৌসুম শুরু হয়েছে। জলদস্যু–আতঙ্ক নিয়েই গতকাল শুক্রবার বাগেরহাটের মংলার পশুর নদের চিলা খাল থেকে প্রথম দফায় কয়েক শ জেলে দুবলার চরে রওনা হয়েছেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, মংলা থেকে নদীপথে দুবলা জেলেপল্লির দূরত্ব প্রায় ৯০ নটিক্যাল মাইল। ইতিমধ্যেই সেখানে বাগেরহাটের মংলা ও রামপাল, খুলনা, সাতক্ষীরাসহ দক্ষিণ উপকূলের হাজার হাজার জেলে সমবেত হতে শুরু করেছেন। প্রতিবছরের অক্টোবরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হলো মাছ আহরণ ও শুঁটকি প্রক্রিয়াকরণ মৌসুম। মৌসুমে সাগরপাড়ের মেহের আলীর চর, আলোর কোল, অফিস কিল্লা, মাঝের কিল্লা, শেলার চর, নারকেল বাড়িয়া, ছোট আমবাড়িয়া, বড় আমবাড়িয়া, মানিকখালী, কবরখালী, ছাপড়াখালীর চর, কোকিলমণি ও হলদেখালী চরে প্রায় ২০ হাজার জেলে জড়ো হন। সম্মিলিতভাবে এ চরগুলোকে দুবলার চর বলা হয়। দুবলা জেলেপল্লির জেলেরা নিজেদের থাকা, মাছ ধরার সরঞ্জাম রাখা ও শুঁটকি তৈরির জন্য অস্থায়ী ঘর তৈরি করেন। জেলেরা সমুদ্র মোহনায় বেহুন্দি জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার ও বাছাই করে জাতওয়াির মাছগুলো শুঁটকি করে থাকেন।
শুঁটকি তৈরির জন্য জেলেরা সাগরপাড়ে লাখ লাখ টাকা পুঁজি খাটিয়ে অস্থায়ী বসত গড়েন। কিন্তু সেই সাগরপাড়ে যাওয়ার পথে এবং গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে দস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারাতে হয় জেলে-মহাজনদের। এ ছাড়া ঝড়-জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ ও বন বিভাগের কর্মীদের হয়রানির শিকার হতে হয় জেলেদের।
দুবলার চরের উদ্দেশে যাত্রা করা মংলার জয়মণির কালাম, চিলার রহমত, চাঁদপাই গ্রামের কুদ্দুস, পেড়িখালীর কামরুলসহ অনেক জেলে বলেন, বনদস্যুদের হামলা ও লুটপাটের আশঙ্কা মাথায় নিয়েই আমরা দুবলার উদ্দেশে যাত্রা শুরু করেছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, চলতি মৌসুমে আমরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে মাছ শিকার এবং শুঁটকি তৈরি করতে পারি তারা যেন সেই ব্যবস্থা গ্রহণ করে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী বলেন, জেলেপল্লিতে জেলেদের ঘর তৈরি ও জ্বালানি ব্যবহারের জন্য নির্ধারিত রাজস্ব আদায় করে থাকে বন বিভাগের দুবলা টহল ফাঁড়ি। এ ছাড়া জেলেদের মৎস্য আহরণ ও শুঁটকি প্রক্রিয়াকরণের ওপর রাজস্ব আদায় করা হয়। এ বছর আমরা এক হাজার ৩০০ জেলেঘর স্থাপনের অনুমতি দিয়েছি।
বন কর্মকর্তা আরও বলেন, ‘গত মৌসুমে এ পল্লির জেলেদের আহরিত ২৫ হাজার ২৩৮ কুইন্টাল শুঁটকি মাছ থেকে সুন্দরবন বিভাগ এক কোটি ২৭ লাখ নয় হাজার টাকা রাজস্ব আয় করে। এ বছর আমাদের লক্ষ্যমাত্রা দেড় কোটি টাকার ওপরে। এ ছাড়া সুন্দরবনে জেলেদের ওপর বনদস্যুদের হামলা ও আক্রমণ থেকে রক্ষার জন্য র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও বন বিভাগ সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে।’
মংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আলাউদ্দিন নয়ন বলেন, ‘শুঁটকি মৌসুমে জেলেদের নিরাপত্তার জন্যে দুবলার চরে আমাদের একটি টহল বোট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।’