জলবায়ু উদ্বাস্তুদের অধিকার নিয়ে সম্মেলন আজ শুরু
জলবায়ু উদ্বাস্তুদের অধিকার সুরক্ষায় করণীয় বিষয় নির্ধারণে খুলনায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নরওয়ে ও সুইজারল্যান্ডভিত্তিক সংগঠন ন্যানসেন ইনিশিয়েটিভের সহযোগিতায় আগামী রোববার পর্যন্ত নগরের একটি হোটেলে আয়োজন করা হয়েছে এ সম্মেলন। এতে সার্ক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশের প্রতিনিধিরা ছাড়াও জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের শতাধিক প্রতিনিধি অংশ নেবেন।
সম্মেলন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করে এমন ১৪টি সংগঠন ও নেটওয়ার্ক আয়োজিত এ সংবাদ সম্মেলনে আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার সুরক্ষায় একটি নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।
বিভিন্ন গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, জলবায়ু পরিবর্তনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে বিশ্বে প্রতিবছর গড়ে ২ কোটি ৭০ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। এ ছাড়া ২১০০ সাল নাগাদ বাংলাদেশের তিন কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।