জলবায়ু কর্মকাণ্ড ঝিমিয়ে গেছে: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

জলবায়ু নিয়ে কর্মকাণ্ড কিছুটা ঝিমিয়ে গেছে বলে মনে করেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনশিয়েটিভ (পিআরডিআই) একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, তাঁর সময়ে চার বছরে জলবায়ু ট্রাস্ট ফান্ড ও রেজিলিয়্যান্স তহবিলে ১০ কোটি ডলার সাহায্য এলেও গত এক বছরে এর কোনো অগ্রগতি নেই। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে উদ্যোগী হওয়ার তাগিদ দেন তিনি।
পিআরডিআইয়ের সমীক্ষা প্রতিবেদনটিতে বলা হয়, অতিমাত্রায় জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা, বিশেষ করে হাওর-বাঁওড় ও উপকূলীয় অঞ্চলের মানুষের অর্থনৈতিক, সামাজিক ও জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে। ঋতুর অস্বাভাবিকতা, তাপমাত্রা বৃদ্ধি, লবণ পানির অনুপ্রবেশ, সমুদ্রস্তরের বৃদ্ধি, জলোচ্ছ্বাস এবং জলাবদ্ধতা—এসব অঞ্চলের মানুষের জীবন-জীবিকাকে ক্ষতি করছে। এ ধরনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে উপকূলীয় জেলে সম্প্রদায় ও হাওর অঞ্চলের প্রান্তিক মানুষেরা।
বিপুল এ জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব থেকে মুক্ত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব উঠে এসেছে সমীক্ষাটিতে। সমীক্ষাটি পরিচালিত হয় সুনামগঞ্জের হাওর এলাকা, কক্সবাজার ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায়।
অনুষ্ঠানে আলাদা দুটি গবেষণাপত্র উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম ও পিআরডিআইয়ের গবেষণা সহযোগী আতিকুল হক। বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, দিদারুল আহসান ও শামসুদ্দোহা।