জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের (বিসিসিটিএফ) আওতায় এনজিও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে। প্রকল্প প্রাক্কলনের ক্ষেত্রে ২০ শতাংশ অর্থ কমিশন হিসেবে দিতে হয়েছে। জলবায়ু পরিবর্তনবিষয়ক নীতিনির্ধারণী পর্যায়ে ব্যক্তির পরিবারসংশ্লিষ্ট এনজিওকে অবৈধভাবে বাস্তবায়নের সহযোগী হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওই নীতিনির্ধারকের নির্বাচনী এলাকায় কম্পিউটার সেন্টার প্রতিষ্ঠার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ প্রকাশিত ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়ন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদনে এসব অভিযোগ তোলা হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বিসিসিটিএফ থেকে বরাদ্দ পাওয়া ৫৫টি এনজিওর মধ্যে ৪০টির মাঠ পর্যায়ের কার্যক্রম অনুসন্ধান করে ১০টির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বসবাসরত বাসাকে লিয়াজোঁ কার্যালয় হিসেবে ব্যবহার করছে তিনটি এনজিও। রাজনৈতিক প্রভাবের মাধ্যমে প্রকল্প পেয়েছে নয়টি, তহবিল পাওয়া এনজিওর প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদের সদস্য রাজনীতির সঙ্গে জড়িত, এ রকম পাওয়া গেছে নয়টি। নির্বাচিত দুটি এনজিওর বিরুদ্ধে অন্য প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নিবন্ধন বাতিল করেছিল একটির। এ ছাড়া আইনি বাধ্যবাধকতা সত্ত্বেও প্রকল্প এলাকায় কার্যালয় পাওয়া যায়নি চারটি এনজিওর।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘূর্ণিঝড়সহিষ্ণু গৃহনির্মাণ ও দক্ষতা উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করে দেখা গেছে, ওই প্রকল্পের আওতায় ১৬০টি জলবায়ুসহিষ্ণু ঘর নির্মাণ করার কথা ছিল। কিন্তু ২০১৩ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও এপ্রিল পর্যন্ত চারটি প্রকল্প এলাকার মধ্যে দুটি এলাকায় কাজই শুরু হয়নি।
সাংবাদিকদের পক্ষ থেকে রাজনৈতিক প্রভাব সৃষ্টিকারী ও নীতিনির্ধারক ওই ব্যক্তি কে জানতে চাওয়া হয়।
উত্তরে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির প্রতিবেদনের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তিকে চিহ্নিত করা নয়। জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে আন্তর্জাতিক তহবিল পাওয়ার জন্য সরকারকে শক্তিশালী করাই আমাদের উদ্দেশ্য। এ বিষয়ে সব তথ্য টিআইবির কাছে রক্ষিত আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার চাইলে ওই তথ্য সরবরাহ করা হবে।
প্রতিবেদন উপস্থাপনকালে টিআইবির মহুয়া রউফ আরও বলেন, বিশ্বব্যাংকের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডের (বিসিসিআরএফ) অর্থায়নে ২০০৭ সালের ঘূর্ণিঝড় পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্পের সুশাসন পর্যবেক্ষণ করা হয়েছে। তাতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সঠিকভাবে সম্পৃক্ত করা হয়নি। প্রকল্পটিকে মাঠ পর্যায়ে ‘ঋণ-সহায়তা’ প্রকল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঠিকাদার নির্বাচনে রাজনৈতিক প্রভাব ছিল। সরকারি ক্রয় আইন লঙ্ঘন করে ঠিকাদার নিজে আরেকজন উপঠিকাদার নিয়োগ দিয়েছেন।