জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় কৃষকদের ভরসা 'রূপবান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার কারণে অনেক জমিতে আর ধান চাষ করা সম্ভব হচ্ছে না। ফলে জমি পতিত থাকছে। এ সমস্যা দূর করতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষকেরা এবার রূপবান জাতের শিম চাষ শুরু করেছেন। অল্প কয়েক দিনের মধ্যেই আগাম জাতের এই শিম বাজারে উঠতে শুরু করবে। ভালো দাম পাওয়ারও আশা করছেন শিমচাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চলের মধ্যে রাজশাহীর তানোর, গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল এই তিন উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি লক্ষ্য করা যাচ্ছে। এই তিন উপজেলায় ২৯ জুলাই পর্যন্ত ২০ হাজার ৪২৪ হেক্টর জমি আমন চাষের আওতায় আনা সম্ভব হয়নি। কৃষকেরা বলছেন, তাদের এলাকার এসব জমিতে শুধু বৃষ্টিনির্ভর আমন চাষ হতো। সারা বছরে এই একটি ফসল ঘরে তোলার পর জমি অনাবাদী পড়ে থাকত। কিন্তু গত কয়েক বছর থেকে ভারী বৃষ্টি না হওয়ার কারণে এসব জমিতে আমন চাষও সম্ভব হচ্ছে না।

গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, জমি পতিত থাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের উচ্চ ফলনশীল জাতের আগাম শিম চাষে উদ্বুদ্ধ করছে। তিনি ঈশ্বরদী থেকে রূপবান ও ঘৃতকাঞ্চন জাতের শিমের বীজ নিয়ে এসে কৃষকদের চাষে উদ্বুদ্ধ করেছেন। গত বছর শুধু জমির আইল এবং রাস্তার পাশে কয়েকজন কৃষককে দিয়ে এই শিমের চাষ করানো হয়েছিল। লাভজনক হওয়ায় এবার তাঁরা ধান চাষ সম্ভব নয়—এমন জমিতে শিম চাষ করার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন। ধানে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। কিন্তু শিমে তেমন পানির প্রয়োজন হচ্ছে না। তা ছাড়া ধানের তুলনায় শিমে কৃষকদের লাভও বেশি থাকে।

গত ২৮ জুলাই রোববার গোদাগাড়ীর কয়েকটি গ্রামে গিয়ে দেখা গেছে, বেশ কয়েকজন কৃষক এবার আগাম জাতের শিমের চাষ করেছেন। তাঁদের খেতে শিম ধরতে শুরু করেছে। নিমঘুটু গ্রামের কৃষক দিলীপ টুডু বলেন, উচুঁ জমি হওয়ার কারণে তাঁর জমিতে সেচের পানি উঠে না। বৃষ্টির পরিমাণ বেশি হলেই শুধু আমন ধানের চাষ করা যেত। এখন আর আগের মতো বৃষ্টি হচ্ছে না। এবার তিনি পরীক্ষামূলকভাবে ১২ কাঠা জমিতে রূপবান জাতের শিম চাষ করেছেন।

ধরমপুর গ্রামের কৃষক পিয়ারুল ইসলাম জুগিডাইং বলেন, তিনি এবার চার বিঘা জমিতে রূপবান জাতের শিম চাষ করেছেন। তাঁর খেতের শিম খুব ভালো হয়েছে। তিনি বলেন, আমনের জন্য ভারী বর্ষণের অপেক্ষায় বসে থাকতে থাকতে জমি পতিত থাকে সারা বছর। তাই বাধ্য হয়ে তিনি এবার শিম চাষ করেছেন।

গোদাগাড়ী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার বলেন, এই শিম জমিতে প্রায় চার মাস থাকবে। এক বিঘা জমিতে গড়ে ৬০ থেকে ৮০ মণ শিম হবে। তিনি মুঠোফোনে ঈশ্বরদীর শিমচাষিদের সঙ্গে যোগাযোগ করে জেনেছেন, এরই মধ্যে ঈশ্বরদীর মুলাডুলিতে রূপবান জাতের শিম বাজারে আসতে শুরু করেছে। বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার টাকা মণ দরে। তিনি বলেন, ঘৃতকাঞ্চন জাতটা একটু দেরিতে উঠবে। তখন বাজারে ব্যাপক সরবরাহ থাকবে। তখন যদি দুই হাজার টাকা মণ দামও পাওয়া যায়, তা-ও ধানের চেয়ে অনেক বেশি লাভজনক হবে শিম।