জলবায়ু পরিবর্তনে অসময়ে বন্যা, কুয়াশা ও খরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় ও হাওর অধ্যুষিত অঞ্চল হওয়ায় জলবায়ুর পরিবর্তনে সিলেট অঞ্চলে নেতিবাচক প্রভাব পড়ছে বেশি। অসময়ে কুয়াশা, বন্যা ও খরা দেখা দেওয়ায় ফসল উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। যেসব অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার কথা সেখানে বেশি হচ্ছে, যেখানে বেশি হওয়ার কথা সেখানে কম হচ্ছে। জলবায়ুর পরিবর্তনে ঋতুচক্রের স্বাভাবিক নিয়ম ব্যাহত হচ্ছে।

নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি অভিজাত রেস্তোরাঁর মিলনায়তনে গতকাল রোববার সকাল ১০টায় জলবায়ু পরিবর্তনবিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএস) উদ্যোগে ‘সমাজের জন্য জলবায়ুবিষয়ক জ্ঞান হস্তান্তর’ শীর্ষক এ কর্মশালা হয়। বক্তব্য দেন বারগেন বিশ্ববিদ্যালয়ের গবেষক স্কট ব্রেমার, জলবায়ু গবেষক ম্যাথু আলেকজেন্ডার রিভ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাহফুজুল হক, বিসিএসের কর্মকর্তা আবু সাঈদ, সানবিম রহমান ও নাবির মামুন।

কর্মশালায় সিলেটের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুলের শিক্ষক, আইনজীবী, উন্নয়ন সংগঠক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জলবায়ুর পরিবর্তনে ভুক্তভোগী অঞ্চলের, বিশেষত সুনামগঞ্জ জেলার, একাধিক শ্রেণি-পেশার মানুষ কর্মশালায় অংশ নিয়ে নিজস্ব অভিজ্ঞতার আলোকে জলবায়ুর পরিবর্তন নিয়ে কথা বলেন।

ভুক্তভোগীরা বক্তব্যে অংশ নিয়ে জানান, ঋতুর নির্দিষ্ট নিয়মে এখন সিলেটের পরিবেশ-প্রতিবেশের গতিপ্রকৃতি নির্ধারিত হচ্ছে না। এতে করে এ এলাকার কৃষকদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। সময়মতো ফসল উৎপাদন করতে পারছেন না। চাষিরা উৎপাদিত ফসল যথাসময়ে ঘরে তুলতেও পারছেন না।