জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতি হবে উন্নয়নশীল দেশগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো। দ্রুত নগরায়ণ, শিল্পায়ন ও আর্থিক উন্নয়ন প্রাকৃতিক সম্পদ ও পরিবেশকে হুমকির মুখে ফেলবে। বেসরকারি সংস্থা কোডেকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের উপকূল’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সুজয় বসু। একই মিলনায়তনে সকালে সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন।
সেমিনারে বক্তব্য দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের অধ্যাপক হামিদুল হক, ডেনিশ দূতাবাসের কর্মকর্তা আরিফুর রহমান সিদ্দিকী, পরিবেশ বিশেষজ্ঞ সুজিত চৌধুরী প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক এম এ বাকী খলিলী।
অধ্যাপক সুজয় বসু লিখিত বক্তব্যে বলেন, উপকূলের অধিবাসীদের কাছে উষ্ণায়ন ও আবহাওয়া পরিবর্তন বিপদের কারণ হয়ে উঠেছে। এই শতাব্দীর শেষে পানির স্তর তিন ফুটের মতো উঁচু হবে। ফলে বাংলাদেশের প্রায় ২৫ শতাংশ এবং ভারতের ১৫ শতাংশ জমি সমুদ্রগর্ভে বিলীন হবে।
এর আগে সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, কবি ও সাংবাদিক আবুল মোমেন, সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি তালাত মাহমুদ, ইউনিসেফের চট্টগ্রাম জোনের প্রধান মাধুরী ব্যানার্জি প্রমুখ।