জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল ককাসের ‘সেফ ক্লাইমেট’-এর চেয়ারম্যান কংগ্রেসম্যান অ্যালান লোয়েনথাল বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। খবর ইউএনবি ও বাসসের।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন গত বৃহস্পতিবার অ্যালান লোয়েনথালের সঙ্গে তাঁর ক্যাপিটল হিলের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় লোয়েনথাল এ মন্তব্য করেন। এ সময় তাঁরা বাংলাদেশের ওপর জলবায়ুর বিরূপ প্রভাব এবং দুই দেশের আর্থসামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জিয়াউদ্দিন আহমদ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে কংগ্রেসম্যানকে অবহিত করেন। এ সময় বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত রয়েছেন উল্লেখ করে কংগ্রেসম্যান বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করতে আগ্রহী।
জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠন করেছেন এবং এর অধীনে প্রায় ২৫০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের এক-পঞ্চমাংশ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এতে দেশের প্রায় ২৫-৩০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়বে। তিনি যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ বন্ধে প্রয়োজনীয় চুক্তি প্রণয়নের আহ্বান জানান।
কংগ্রেসম্যান অ্যালান লোয়েনথাল রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে ধন্যবাদ জানান এবং যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনকালে তাঁকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) নাঈম আহমেদ উপস্থিত ছিলেন।