জলবায়ু প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশ জলবায়ু মোকাবিলাসংক্রান্ত যেকোনো দেনদরবারে সব সময় সক্রিয়। বিদেশি সহায়তা আসার আগেই নিজস্ব অর্থায়নে জলবায়ু তহবিল গঠন করেছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ইতিবাচক। বাংলাদেশ এখন যে কাজগুলো করছে, তাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

গতকাল সোমবার রাজধানীর মাইডাস ভবনে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। টিআইবির উদ্যোগে করা ‘জলবায়ু পরিবর্তন প্রশমনে স্বপ্রণোদিত অঙ্গীকার ও প্রতিপালন: দক্ষিণ এশীয় অভিজ্ঞতাভিত্তিক পদ্ধতিগত পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফল জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইফতেখারুজ্জামান বলেন, বৈশ্বিকভাবে নির্গত গ্রিনহাউস গ্যাসের মাত্র ৬ শতাংশেরও কম গ্যাস নিঃসরণের দায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর। তবে বৈশ্বিকভাবে এ গ্যাস নির্গমনের প্রবৃদ্ধির হার ১ শতাংশ হলেও দক্ষিণ এশিয়ায় তার হার ৩ শতাংশ। তাই সবার দায়িত্ব আছে, বিশেষ করে কার্বন নিঃসরণ কমানোর জন্য দায়টা সরকারকেই নিতে হবে। পাশাপাশি বেসরকারি সংগঠন ও জনগণকেও ভূমিকা পালন করতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে জলবায়ুসংক্রান্ত প্রকল্পসহ যেকোনো প্রকল্প বাস্তবায়নে মূল সমস্যা স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের ঘাটতি। জলবায়ু মোকাবিলাসংক্রান্ত প্রকল্পে বিদেশি অর্থায়ন হবে। তাই প্রাক্-উদ্বেগ জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে ২০১৬-এর তালিকায় বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সূচক মান বা স্কোর যথাক্রমে ২৬, ৪০, ৩৬, ২৯, ৩২ ও ৩৬। সূচকটির গড় মান ৪৩-এর নিচের যেকোনো স্কোরপ্রাপ্ত দেশগুলোর সরকারি খাত অনেক বেশি মাত্রায় দুর্নীতিপ্রবণ।

সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনের মূল বক্তব্য উপস্থাপন করেন এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক এ কে এনামুল হক।

বাংলাদেশের ক্ষেত্রে গবেষণা প্রতিবেদন বলছে, রেল ও নৌপথ ব্যবহার করে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমিয়ে আনা যে সম্ভব, সে সম্পর্কে বেসরকারি খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অনেক কম ধারণা রাখেন।

জরিপে অংশ নেওয়া অংশীজনেরা বাংলাদেশের জন্য কার্বন নিঃসরণ কমানোর সহজ ১০টি প্রধান কৌশলের কথা বলেছেন। কৌশলগুলোর মধ্যে তিনটিই হলো পরিবহনসংক্রান্ত। এগুলো হলো যানজট কমানো, নগর পরিবহনব্যবস্থার উন্নয়ন এবং নগরে যান নিয়ন্ত্রণ কৌশল উন্নয়ন। অন্যান্য দেশেও যানজটের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের এবং ক্লাইমেট ফিন্যান্স গভর্ন্যান্সের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার জাকির হোসেন খান গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।