জলবায়ু অর্থায়নে সুশাসন আনতে জাতীয় মঞ্চ গড়ে তোলার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা আনতে সব পক্ষকে নিয়ে একটি জাতীয় মঞ্চ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে জলবায়ু অর্থায়নে সুশাসনবিষয়ক নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। মঞ্চটি ন্যায়পালের মতো করে কাজ করবে এবং সরকারের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা সেখানে অংশ নিতে পারবেন। সভায় জলবায়ু তহবিলের ব্যবস্থাপনায় সুশাসন আনতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে ৯ দফা সুপারিশ পেশ করা হয়। জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানায় সংস্থাটি। জলবায়ু অর্থায়ন ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে জলবায়ু প্রকল্পে সংশ্লিষ্ট বেসরকারি স্বার্থগোষ্ঠীর (স্টেকহোল্ডার) সমন্বয়ে ক্লাইমেট ফাইন্যান্স গভর্নেন্স (সিএফজি) নেটওয়ার্কের কার্যক্রমও উদ্বোধন করা হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্যে পল্লি কর্মসংস্থান ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান বলেন, জলবায়ু তহবিলের ক্ষেত্রে উন্নত দেশগুলোর কাজের মধ্যে অনেক বেশি স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে। তারা ২০০৮ সালে দেওয়া উন্নয়ন সহায়তাকে ২০১০ সালে এসে বলছে, এটি জলবায়ু তহবিল ছিল। অথচ জলবায়ু তহবিল গঠন হয়েছে ২০০৯ সালে। জলবায়ু তহবিল নিয়ে এমনভাবে কথা বলা উচিত নয়, যাতে বিদেশে দেশের ভামমূর্তি ক্ষুণ্ন হয়। বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে অর্থ পেতে সমস্যা হয় এমন ধরনের বক্তব্য তুলে ধরা উচিত নয়। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিশ্বের যেকোনো উন্নত দেশের তুলনায় বাংলাদেশের জলবায়ু তহবিলের ব্যবস্থাপনা স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রকল্প সম্পর্কে অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, স্থানীয় জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং এনজিওদের নিয়ে একটি জাতীয় মঞ্চ তৈরি করা দরকার। যারা জলবায়ু তহবিলের আওতায় গৃহীত প্রকল্পে, প্রকল্প প্রণয়ন থেকে বাস্তবায়ন ও এর প্রভাব মূল্যায়নে ভূমিকা রাখতে পারে।’উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান সংশ্লিষ্ট প্রকল্প এলাকায় স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ ও গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘আপনাদের সবার সম্মিলিত সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকাজে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।’টিআইবির উত্থাপিত ৯ দফা সুপারিশের মধ্যে জলবায়ুবিষয়ক প্রকল্প নির্ধারণে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের সুপারিশসহ সংশ্লিষ্ট আইনের পরিবর্তন, প্রকল্প প্রণয়নে ও বাস্তবায়নের বিভিন্ন ধাপে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, স্থানীয় জনগণ ও সুশীল সমাজের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি আচরণবিধি প্রণয়নের সুপারিশ করা হয়।