জলবায়ু উদ্বাস্তুদের অধিকার প্রতিষ্ঠায় নীতিমালা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে গৃহহীন ও পেশা হারানো মানুষদের উদ্বাস্তু হিসেবে স্বীকৃতি দিতে অবশেষে একটি নীতিমালা তৈরি হলো। গত মঙ্গলবার নরওয়ের রাজধানী অসলোতে ন্যানসন জলবায়ু সম্মেলনে এ নীতিমালার ঘোষণা দেওয়া হয়। এই নীতিমালাটিকে আইনে পরিণত করতে জাতিসংঘের কাছে উত্থাপন করা হবে বলে জানান জাতিসংঘের দুর্যোগ ও ঝুঁকি হ্রাসবিষয়ক বিশেষ প্রতিনিধি মার্গারেটা ওয়াহিসস্ট্রম।নরওয়ের শান্তিতে নোবেলজয়ী ন্যানসনের নামে আয়োজিত এই সম্মেলনে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং ২০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে উত্থাপিত নীতিমালাটি ন্যানসন প্রিন্সিপাল হিসেবে চিহ্নিত হবে উল্লেখ করে মার্গারেটা ওয়াহিস্ট্রম বলেন, বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ জলবায়ু পরির্তনজনিত দুর্যোগের কারণে উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। কিন্তু জাতিসংঘ এখনো উদ্বাস্তু বলতে যুদ্ধ ও সংঘাতের কারণে যারা গৃহহীন হয়ে অন্যত্র বসবাস করে তাদের বোঝে। তাই জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জাতিসংঘের সর্বজনীন মানবাধিকারের আওতায় নিয়ে আসতে ন্যানসন নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ন্যানসন নীতিমালার নয়টি শর্তের মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে গৃহহীন হওয়া মানুষদের মৌলিক মানবাধিকার, সম্মান, অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতা দিতে হবে। প্রাথমিকভাবে রাষ্ট্রগুলোকে গৃহহীন মানুষের দায়িত্ব নিতে হবে। যারা গৃহহীন হয়েছে ও ঝুঁকির মধ্যে আছে, তাদের জন্য প্রয়োজনীয় সম্পদ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিতে হবে।এ ছাড়া হঠাৎ দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনি অধিকার নিশ্চিত করতে জাতিসংঘসহ অন্যান্য ক্ষেত্রে আইন পরিবর্তন করার বিধান রাখা হয়েছে ন্যানসন ঘোষণায়। ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা ও ক্ষয়ক্ষতির হিসাব করে তা জাতিসংঘের একটি তহবিলের মাধ্যমে আদায় করার পরামর্শ দেওয়া হয় সম্মেলনে। সমাপনী অধিবেশনে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিসের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, ন্যানসন ঘোষণাকে জাতিসংঘের মাধ্যমে একটি আইনে পরিণত করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণের বিধান রেখে দায়ী দেশগুলোর কাছ থেকে তা আদায় করতে হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, যেমন বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্রের উচিত ক্ষতিগ্রস্ত দেশের মানুষদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেওয়া। যে রাজ্য যত বেশি কার্বন নিঃসরণ করবে, সেই রাজ্যে তত বেশি জলবায়ু অভিবাসীদের যাওয়ার সুযোগ দিতে হবে।সম্মেলনের কারিগরি অধিবেশনে রেডক্রস ও রেড ক্রিসেন্টের জলবায়ু কেন্দ্রের প্রধান মেডেলিন হেলমার বলেন, বিশ্বের অনেক দেশে শুধু দুর্যোগের সঠিক পূর্বাভাসের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য উন্নত দেশগুলো স্বল্পোন্নত রাষ্ট্রগুলোকে সহযোগিতা করতে পারে। ভিয়েতনামের কৃষি ও গ্রাম উন্নয়নমন্ত্রী ডাও জুয়ান হক বলেন, ভিয়েতনাম খাদ্য উৎপাদনে বেশ সফলতা অর্জন করলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগের কারণে সে দেশের খাদ্য উৎপাদন কমে যাচ্ছে। কৃষির ক্ষেত্রে আগাম দুর্যোগ পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার পরামর্শ দেন তিনি।টেলিনরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওডভার হেসজেডাল বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের ৯৯ শতাংশ মোবাইল ফোনের নেটওয়ার্কের আওতায় রয়েছে। তাই টেলিনরের প্রতিষ্ঠান গ্রামীণফোনের মাধ্যমে সেখানে দুর্যোগের পূর্বাভাস দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এভাবে বিশ্বের অন্যান্য দেশও মোবাইল ফোনের মতো যোগাযোগ অবকাঠামো ব্যবহার করে দুর্যোগ মোকাবিলা করতে পারে। সম্মেলনে বাংলাদেশের পক্ষে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক আবদুল কাইয়ুম, জলবায়ু বিশেষজ্ঞ আতিক রহমান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন অংশ নেন।