জলবায়ু কর্মশালায় হযবরল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শনিবার জলবায়ু পরিবর্তনবিষয়ক দিনব্যাপী কর্মশালায় হযবরল অবস্থার সৃষ্টি হয়। এতে কর্মশালার উদ্দেশ্যই শুধু ব্যাহত হয়নি, এ জন্য বরাদ্দকৃত অর্থ নয়-ছয়েরও অভিযোগ উঠেছে।শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তন: অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ’ শীর্ষক কর্মশালা যৌথভাবে আয়োজন করে বন বিভাগ ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। কর্মশালায় অংশ নেওয়ার জন্য উপজেলার স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধান, দুজন শিক্ষার্থী, নয়টি ইউপির চেয়ারম্যান ও একজন সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান, পৌরসভার দুজন প্রতিনিধি, দুজন সাংবাদিক ও আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ মোট ১০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কর্মশালার বাজেট ছিল এক লাখ ১৭ হাজার টাকা।জানা গেছে, কর্মশালাটি সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলার কথা থাকলেও শুরু হয় বেলা সাড়ে ১১টার দিকে এবং তড়িঘড়ি করে শেষও করা হয় বেলা তিনটার দিকে।কর্মশালায় অংশ নেওয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, সকাল সাড়ে ১০টায় আমন্ত্রিত অতিথিরা আয়োজনস্থলে এসে পৌঁছান। কিন্তু অংশগ্রহণকারী ব্যক্তিদের সংখ্যা একেবারেই কম থাকায় প্রধান শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয় থেকে ফোন করে শিক্ষার্থী আনার কথা বলা হয়। পরে কয়েকজন প্রধান শিক্ষক তাঁদের বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে আসেন।কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. আবুল হাশেম। উদ্বোধনের পর জেলা প্রশাসক তাঁর বক্তব্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।কর্মশালায় অংশগ্রহণকারী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী বলেন, ‘কর্মশালার বিষয়বস্তু ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু কর্মশালার নামে যা হয়েছে, তা ছিল একটি সভা।’শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক বলেন, ‘পুরো হযবরল অবস্থা। অংশগ্রহণকারী ব্যক্তিদের কোনো কর্মসূচি শিট, রিসোর্স পারসনের নামের তালিকা, নোট, কলম কিছুই শুরুতে দেওয়া হয়নি। মনে হয়েছে, যেন বিরিয়ানির প্যাকেট আর খাম (টাকার) আনতে গিয়েছিলাম।’ ভূনবীর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আমিরুল ইসলাম জানান, কর্মশালা শেষ হওয়ার কিছু আগে তাঁদের কারও কারও হাতে একটি প্লাস্টিক ফাইল ধরিয়ে দেওয়া হয়েছে। ফাইলের মধ্যে একটি কলম ও একটি নোট বুক ছিল।তবে কর্মশালার সভাপতি মো. আবুল হাশেম বলেন, ‘আমন্ত্রিত ব্যক্তিদের বেশির ভাগ অনুপস্থিত থাকায় স্কুল থেকে কিছু ছাত্র আনা হয়। অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রত্যেককে ৪০০ টাকা করে ভাতা দেওয়া হয়েছে।’ অনেকেই টাকা পাননি, এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবুল হাশেম উত্তেজিত হয়ে বলেন, ‘আমি অনেস্ট।’